× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রজাপতি এলো কী করে

মূল : ফ্লোরেন্স হলব্রুক অনুবাদ : মৃত্যুঞ্জয় রায়

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:১৮ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

সৃষ্টিকর্তার একদিন ইচ্ছে হলো তিনি মানুষ সৃষ্টি করবেন। কিন্তু তারা থাকবে কোথায়? তাই তাদের জন্য একটি চমৎকার থাকার জায়গা করতে হবে। সে জায়গাটি হবে খুবই উজ্জ্বল আর সুন্দর। সেখানে থাকবে পাহাড়-পর্বত, বিস্তীর্ণ তৃণভূমি, বন-বনানী আর এসব কিছুকে ঘিরে তার চারপাশে থাকবে সমুদ্রের বিস্তীর্ণ নীল জলরাশি।

তিনি যা ভাবলেন, ঠিক তাই করলেন। পৃথিবী নামের একটা গ্রহ বানালেন মানুষদের থাকার জন্য। সে পৃথিবীর মাটিকে নরম আর উর্বর করে দিলেন, যে মাটিতে সুন্দর সুন্দর গাছপালার জন্ম হলো। সেসব গাছে ও তৃণভূমিতে সুন্দর সুন্দর ফুল ফুটল। বনগুলো ছেয়ে গেল গাছে গাছে, সেসব বন ভরে উঠল রঙিন ডানার সব পাখির কলকাকলিতে। সাগরের নীল জলে সাঁতরে বেড়াতে লাগল অনেক প্রাণী। সৃষ্টিকর্তা এসব দেখে মনে মনে খুশি হলেন, ভাবলেন, ‘এখানে থাকতে আমার মানুষরা নিশ্চয় খুব খুশি হবে; এসব বন, পাখি, সাগর, গাছপালা নিশ্চয় তাদের মুগ্ধ করবে। কিন্তু পাহাড়গুলো তো দেখতে কালো, শুষ্ক, কঠিন আর ঠান্ডা। ওগুলোও আমার কাছে প্রিয়। কিন্তু সেগুলো হয়তো মানুষদের পছন্দ নাও হতে পারে। তাই পাহাড়গুলোকে আমি এমনভাবে সাজাব যাতে শিশুরাও সেখানে গিয়ে আনন্দ পায়, মানুষরা পাহাড়কেও ভালোবাসে।’

কী করে তা করা যায়? সৃষ্টিকর্তা অনেকক্ষণ ধরে সে বিষয়ে ভাবলেন। অবশেষে তিনি অনেকগুলো ছোট ছোট রঙিন পাথর তৈরি করলেন। কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা আবার হলুদ। আবার কোনো কোনো পাথরের গায়ে মাখিয়ে দিলেন রঙধনুর সাত রঙ। সেসব রঙিন পাথরের দিকে তাকিয়ে তিনি নিজেই অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, ‘আমার সৃষ্টির সব মানুষই এসব পাথরকে পছন্দ করবে, ভালোবাসবে। আর সেগুলোর খোঁজ করতে নিশ্চয় পাহাড়ে যাবে। দামি সব রত্ন-পাথরের সন্ধানে পাহাড়ে যেতে যেতে একদিন তারা নিশ্চয় পাহাড়কেও ভালোবেসে ফেলবে।

রত্ন-পাথরগুলো সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা সেসব পাথরকে বললেন, ‘যাও, তোমরা সবাই এবার পাহাড়ের পাথরের খাঁজে খাঁজে লুকিয়ে পড়ো। তোমাদের মধ্যে যারা ছোট, যারা লুকাতে পারবে না, তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। রোদের আলোয় যেন চিকচিক করে, মানুষরা যেন তোমাদের রঙ দেখতে পায়। বিশেষ করে যেসব শিশু পাহাড়ে যেতে পারবে না, পাথর খুঁড়ে তোমাদের দেখতে পারবে না, ওরাও যেন তোমাদের রঙ দেখতে পারে।’ 

পাথরগুলো সৃষ্টিকর্তার কথা মেনে তাই করল। যারা পারল, পাহাড়ের মধ্যে লুকিয়ে পড়ল। যারা ছোট, তারা পড়ে রইল পাহাড়ের গায়ে। 

এরপর একদিন দক্ষিণ দিক থেকে বাতাস বইতে শুরু করল। সেসব বাতাস পাথরের গায়ে পরশ বুলিয়ে যেতে যেতে মধুর সুরে গান গাইলÑ

আলো আর ছায়ায় তুমি খেলো লুকোচুরি

তোমার আলোয় হয় বনভূমি সুন্দরী।

পাতাভরা গাছে পাখিরা বাঁধে বাসা

পাখি ও পাথর চায় শিশুদের ভালোবাসা।

দীর্ঘ গ্রীষ্মকাল ধরেই সেই বাতাস গান গাইতে থাকল সাগরের তীরে আছড়ে পড়া ঢেউয়ে সুর তুলে। সে গান গাইল রাতের বেলায় তারার ঝিকিমিকি আর চাঁদের জ্যোৎস্না নিয়ে। রাতভর সেই গান গাইতে গাইতে সুন্দর ভোর হলো। রাতের সব বিস্ময় আর ভোরের সব সৌন্দর্য যেন মিশে ছিল সেই গানে। সৃষ্টিকর্তা সেসব উপভোগ করছিলেন। তারপর বাতাসকে ডেকে বললেন, ‘প্রিয় দখিনা বাতাস, তোমার গ্রীষ্মকালীন আবাসে ফিরে যাওযার সময় ওই পাহাড়গুলোয় তুমি কিছু দেখতে পাবে, অনেকগুলো রঙিন চমৎকার পাথর। আমি নিশ্চিত যে ওগুলো দেখে তুমি ওগুলোর প্রেমে পড়বে। শিশুরাও ওগুলো ভালোবাসবে।’ পাথরগুলোও শুনল সে কথা।

সৃষ্টিকর্তার এসব কথা শুনে পাথরগুলো ভাবল, ‘শিশুরা কী করে পাহাড়ে না এসে ওদের দেখতে পাবে?’ সৃষ্টিকর্তা তখন সেসব রঙিন ছোট ছোট পাথরকে জীবন্ত করে দিল। পাথরগুলো তখন বহুরঙা ডানা মেলে উড়তে শুরু করল। রোদের আলোয় ওদের ডানাগুলো চকমকিয়ে উঠল। ওরা দখিনা বাতাসের সাথি হলো। বাতাস ওদের সুমধুর সুরে গান শোনাতে শোনাতে ফুল আর শিশুদের কাছে নিয়ে গেল। এভাবেই সেদিন মহান সৃষ্টিকর্তার সুন্দর ভাবনা আর শিশুদের জন্য ভালোবাসা থেকে জন্ম হলো রঙিন প্রজাপতিদের। ওদের রঙিন ডানায় মিশে রইল সেই সব উজ্জ্বল রঙিন পাথরের রঙ, যা সৃষ্টিকর্তা কখনও লুকিয়ে রাখতে চাননি। উড়ে উড়ে প্রজপতিরা চলল ফুল আর ফুলের মতো সুন্দর শিশুদের কাছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা