× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিঁপড়ার রহস্যময় জগৎ

অনিক শুভ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:১০ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

নিজের ওজনের চেয়ে ১০ থেকে ৫০ গুণ ভার বহন করতে পারে

ছোট্ট শরীর। তাতে কী! এমন প্রজাতির পিঁপড়া আছে যারা নিজের ওজনের চেয়ে ১০ থেকে ৫০ গুণ পর্যন্ত ভার বইতে পারে। তবে প্রজাতি আর পরিস্থিতির ওপর এই ক্ষমতা অনেকটাই নির্ভর করে। এশীয় তাঁতি পিঁপড়া এ ব্যাপারে বেশ নামকরা। এরা দল বেঁধে গাছের পাতা জোড়া লাগিয়ে বাসা বানায় আর খাবার আনার সময়ও একে অপরের হাত ধরে, মানে পা ধরে কাজ করে।


মানুষের বহু আগে চাষবাস শুরু করেছিল

চাষবাস বললে আমাদের চোখে ভাসে মাঠ, লাঙল আর ধানের শীষ। অথচ মানুষ যখন কৃষির কথা ভাবতেও শেখেনি, তার কোটি কোটি বছর আগেই কিছু পিঁপড়া ছত্রাকের চাষ করত। বিজ্ঞানীদের ধারণা, প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে এই অভ্যাসের শুরু। পাতাকাটা পিঁপড়ারা বিশেষ করে অ্যাট্টা ও অ্যাক্রোমাইরেক্স গণের পিঁপড়ারা গাছের পাতা কেটে বাসায় নিয়ে যায়, কিন্তু নিজেরা সেই পাতা খায় না। পাতা হয় ছত্রাকের জমি, আর ছত্রাকই তাদের আসল খাবার। তারা ছত্রাকের যত্ন নেয়, পরিবেশ ঠিক রাখে, এমনকি ক্ষতিকর জীবাণু ঠেকানোর ব্যবস্থাও করে। আমরা নিজেদের সভ্যতার গর্ব করি, অথচ চাষবাসে এই ক্ষুদ্র প্রাণীরা আমাদের অনেক আগের শিক্ষক।


চোখ নেই, তবু পথ হারায় না

আমরা পথ চিনি চোখ দিয়ে দেখে। কিন্তু পিঁপড়ার কিছু প্রজাতির চোখ এত ছোট যে নামমাত্র, আবার কিছু প্রজাতি প্রায় পুরোপুরি চোখহীন। মাটির নিচে বা অন্ধকারে যাদের জীবন কাটে, তাদের চোখের দরকারই ফুরিয়ে গেছে। তাহলে তারা চলে কীভাবে? উত্তর হচ্ছে তাদের শুঁড়ে, অর্থাৎ অ্যান্টেনায়। এই শুঁড় দিয়ে তারা গন্ধ, স্পর্শ আর রাসায়নিক সংকেত টের পায়। আগে যাওয়া পিঁপড়া পথে ফেরোমোনের যে গন্ধ রেখে যায়, সেটা ধরেই পরের পিঁপড়ারা খাবারের কাছে পৌঁছায়।


পিঁপড়া নিজের শরীরকেই গুদামঘর বানায়

পিঁপড়া খাবার জমিয়ে রাখে, এটা অনেকেই জানি। কিন্তু কিছু পিঁপড়া সেই খাবার জমায় নিজের পেটের ভেতর। হানিপট পিঁপড়া (যেমন মারমেকোসিসটাস গণের কিছু প্রজাতি) এ কাজে ওস্তাদ। বিশেষ কিছু শ্রমিক পিঁপড়া এত তরল খাবার খায় যে তাদের পেট ফুলে ছোট্ট একটা থলির মতো হয়ে যায়, ভেতরে থাকে মধুরস আর অন্যান্য তরল খাবার। খাবারের টান পড়লে বাকিরা এসে তাদের কাছ থেকেই খাবার নেয়।


পৃথিবীতে পিঁপড়া প্রায় ২০ কোয়াড্রিলিয়ন

সংখ্যাটা লিখে দেখাই। ২০,০০০,০০০,০০০,০০০,০০০। শূন্য গুনতে গিয়েই মাথা ঘুরে যায়। ২০২২ সালে এক গবেষণায় বিজ্ঞানীরা এই হিসাব দেন। পৃথিবীর নানা প্রান্তে হওয়া অসংখ্য গবেষণার তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে তারা এই অনুমানে পৌঁছান। মনে রাখা দরকার, এটা অনুমান। তবু সংখ্যাটা বলে দেয়, পিঁপড়ারা প্রায় সব স্থলজ পরিবেশেই ছড়িয়ে আছে। এরা মাটি আলগা করে, বীজ ছড়ায়, মরা জীবের দেহাবশেষ ভেঙে মাটিতে মিশিয়ে দেয়। আমাদের পায়ের নিচের মাটি অনেকটাই ওদের হাতে গড়া।


কান নেই, কিন্তু কম্পন টের পায়

পিঁপড়ার কান নেই। বাতাসে ভেসে আসা শব্দ তারা আমাদের মতো করে শোনে না। কিন্তু তাতে তাদের খুব একটা অসুবিধা হয় না, কারণ তারা মাটি বা অন্য কোনো পৃষ্ঠের কম্পন অনুভব করতে পারে। পায়ের আর শরীরের বিশেষ সংবেদনশীল অংশ এ কাজে লাগে। মাটির নিচের পিঁপড়াদের জন্য এটা বেশ কাজের। ওপরে কিছু নড়ছে কি না, আশপাশে কোনো বদল ঘটছে কি না, কম্পন থেকেই তারা আঁচ করতে পারে। অবশ্য সব প্রজাতি একইরকম সংবেদনশীল নয়।


সূর্য দেখে ঘরে ফেরে 

ধরুন, খাবারের খোঁজে আপনি বাড়ি থেকে অনেক দূরে চলে গেছেন, চারপাশে চেনা কোনো চিহ্ন নেই। ফিরবেন কী করে? সাহারা মরুভূমির ক্যাটাগ্লাইফিস গণের পিঁপড়ারা ঠিক এই পরিস্থিতিতেই কাজ চালিয়ে নেয়। ভয়ংকর গরমে বাসা থেকে বহু দূরে গিয়েও তারা সোজা ঘরে ফিরে আসে। সূর্যের অবস্থান, আকাশের আলোর বিন্যাস আর নিজের হাঁটাপথের দূরত্বÑ এই তিনটে মিলিয়ে তারা হিসাব কষে। কিছু প্রজাতি আবার পথের চেনা দৃশ্যও মনে রাখে। মরুভূমিতে চেনা চিহ্ন বলতে প্রায় কিছুই থাকে না। তাই এই দক্ষতা সেখানে বাঁচা-মরার ব্যাপার। এত ছোট একটা প্রাণী কীভাবে দিক আর দূরত্ব দুটোই মাথায় রাখে, তা নিয়ে বিজ্ঞানীরা বহুদিন ধরেই কৌতূহলী।


বাচ্চাদের দেখভালের জন্য আছে আলাদা শ্রমিক

পিঁপড়ার বাসা মানে শুধু খাবার জোগাড় আর শত্রুর সঙ্গে লড়াই নয়। সেখানে নতুন প্রজন্মকে বড় করারও পাকা বন্দোবস্ত আছে। রানী পিঁপড়া ডিম পাড়ার পর সেগুলোর দায়িত্ব নেয় শ্রমিকরা। ডিম নিরাপদে রাখা, লার্ভাদের খাওয়ানো, দরকার পড়লে সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়াÑ সবই তাদের কাজ। বাসার তাপমাত্রা বা আর্দ্রতা বদলে গেলে ডিম আর লার্ভাদের তারা উপযুক্ত জায়গায় নিয়ে যায়। এ দেখে মানুষের পরিবারের কথা মনে পড়তেই পারে। তবে মনে রাখা ভালো, পিঁপড়ার এই আচরণ মমতা থেকে আসে না। এটা প্রজাতির সহজাত প্রবৃত্তি, বিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠা।


মস্তিষ্ক ছোট, কাজ বিশাল

পিঁপড়ার মাথাটা কত ছোট, ভাবলেই হাসি পায়। অথচ ওই মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র দিয়েই সে খাবারের গন্ধ ধরে, পথ খুঁজে নেয়, বিপদ এড়ায় আর বাকিদের সঙ্গে যোগাযোগ রাখে। কিছু প্রজাতি অভিজ্ঞতা থেকে শেখে, সেই অনুযায়ী আচরণও বদলায়। হাজার হাজার পিঁপড়া একসঙ্গে কাজ করলে তারা এমন জটিল কাজ করে ফেলে, যা একা কোনো পিঁপড়ার সাধ্যে কুলায় না। সে কারণেই পিঁপড়ার উপনিবেশকে অনেকে সম্মিলিত বুদ্ধিমত্তার চমৎকার উদাহরণও বলেন।


একসঙ্গে কাজ করাই ওদের সবচেয়ে বড় শক্তি

একটা পিঁপড়া খাবারের সন্ধান পেলে রাসায়নিক সংকেতে বাকিদের খবর দিয়ে দেয়। তারপর দলে দলে এসে সবাই মিলে সেটা বয়ে নিয়ে যায়। ভারী কিছু সরানো কিংবা বাসা বানানোর সময়ও একই ব্যাপার। তবে সবাই সব সময় একই কাজ করে না। প্রজাতি, বয়স আর পরিস্থিতি অনুযায়ী ভূমিকা বদলায়। কেউ খাবার আনে, কেউ বাসা সামলায়, কেউ পাহারা দেয়। এই ভাগাভাগির জোরেই কঠিন পরিবেশেও উপনিবেশ টিকে থাকে। বড় কিছু করতে গেলে একার জোর যথেষ্ট নয়। দরকার সহযোগিতা, দায়িত্ববোধ আর সবার চেষ্টাকে এক জায়গায় আনা।

শেষ কথা, পিঁপড়াকে তার আকার দিয়ে বিচার করলে ভুল হবে। যে প্রাণীটাকে আমরা রোজ পায়ের কাছে দেখি, তার জীবনেই আছে অদ্ভুত শক্তি, মানিয়ে নেওয়ার ক্ষমতা আর দল বেঁধে কাজ করার দারুণ সব দৃষ্টান্ত। তাই বিজ্ঞানীদের কাছেও ওরা গবেষণার এক অফুরন্ত বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা