প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:৩১ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৫:৩৭ পিএম
কিম কার্দাশিয়ান: হলিউড। ছবি : সংগৃহীত
হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সফল মোবাইল গেমটি প্রকাশের প্রায় এক দশক পরে বন্ধ হয়ে যাচ্ছে। এই তারকা ২০১৪ সালে মোবাইল গেম ডেভেলপার কোম্পানি 'গ্লু' এর সাথে অংশীদারত্বে যান এবং 'দ্য কিপিং আপ উইদ দ্য কার্দাশিয়ানস' শিরোনামে গেমটির যাত্রা শুরু করেন।
গেমটি ইতিমধ্যে অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে। বিদ্যমান খেলোয়াড়রা আগামী ৪ এপ্রিল পর্যন্ত গেমের ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
'কিম কার্দাশিয়ান : হলিউড' নামের গেমটি খেলোয়াড়দের সুপ্ত স্বপ্নগুলো ধাপে ধাপে পূরণের সুযোগ দেয়। একজন খেলোয়াড় এসব স্বপ্ন পূরণের মধ্য দিয়ে সামাজিক মর্যাদা ও খ্যাতির চূড়ায় পৌঁছাতে পারেন। গেমটিতে ৪৩ বছর বয়সি কিম কার্দাশিয়ান এবং তার পরিবারের আরও দুই সদস্য ক্লোই কার্দাশিয়ান এবং ক্রিস জেনারকেও দেখা গেছে। এই ফ্রি টু প্লে শিরোনামের গেমটি খেলোয়াড়দের ইভেন্ট, মডেলিং এবং ডেটিংয়ের মাধ্যমে একটি অবস্থান তৈরি করতে ইন-গেম কারেন্সি কে-স্টার কেনার অনুমতি দেয়।
ইউএস ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুসারে, কিম কারদাশিয়ান : হলিউড আত্মপ্রকাশের পরে প্রাথমিক সংশয় কাটিয়ে উঠেছিল। গেমটি এখন পর্যন্ত ১৬ কোটি ডলারেরও বেশি আয় করেছে।
কিম কারদাশিয়ান : হলিউড এই দশকের সেরা ১০০টি গেমের একটি বলে মন্তব্য করেছে গেমিং সাইট 'পলিগন'। সাইটটি গেমটিকে শতভাগ তরুণীবান্ধব মোবাইল গেমের মডেল বলেও উল্লেখ করেছে।
মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। ছবি : সংগৃহীত
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে এই মডেল-অভিনেত্রী গেমটি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি এই গেমটির কমিউনিটির দ্বারা চিরকাল অনুপ্রাণিত হবেন।
কার্দাশিয়ান আরও বলেন, ‘বিগত দশ বছর ধরে যারা কিম কার্দাশিয়ান : হলিউড গেমটিকে ভালোবেসেছেন এবং খেলে গেছেন, তাদের আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি’।
তবে, গ্লু মোবাইলের বর্তমান মালিক 'ইলেক্ট্রনিক আর্টস' গেমটি বন্ধ করার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, বিবিসি