প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৫:৩১ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৩ পিএম
উত্তরাখণ্ডের হরিদ্বারের রোশানাবাদের জেলা দায়রা আদালত চলে আসে একটি বুনো হাতি
প্রত্যেক প্রাণীর নিজস্ব জীবন প্রাণালি রয়েছে। রয়েছে তাদের নিজস্ব বোধ-বুদ্ধি ও সমাজ ব্যবস্থা। কিন্তু মানুষের মতো তাদের সমাজে কোট-কাছারি নেই। তাই মানুষের অত্যাচারের অভিযোগ জানাতে ন্যায় বিচারের আশায় আদালতে হাজির হলো এক হাতি।
ভারতের উত্তরাখণ্ডে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। কিন্তু বুনো হাতিটা কীভাবে আদালত চত্বরে এসেছে তাই সবার প্রশ্ন।
জানা গেছে, উত্তরাখণ্ডের হরিদ্বারের রোশানাবাদ এলাকায় অবস্থিত জেলা দায়রা আদালত। আদালতে চত্বরে দেখা যায় বিশালাকারের একটি হাতিকে। মূল ভবনের গেটের কাছে দাঁড়িয়ে ক্রমাগত শুর নাড়িয়ে ভেতরে প্রবেশ করতে চাইছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটি আদালতের গেটের একাংশ ভেঙে ফেলেছে। আদালতের পাঁচিলের একটা অংশও ভেঙে ফেলে। দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় আদালত চত্বরে। ঘটনাস্থলে থাকা সবাই নিরাপদ দুরত্বে সরে যান। দ্রুত বন বিভাগকে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা এসে শূন্যে গুলি ছুড়ে হাতিটিকে বনের দিকে তাড়িয়ে নিয়ে যান। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। দলছুট হয়ে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে।
পরবর্তীতে জানা যায়, পার্শ্ববর্তী রাজাজি টাইগার রিজার্ভ অভয়ারণ্য থেকে এসেছিল ওই হাতিটি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিও দেখে অনেকের প্রশ্ন, হাতিটিও কি বিচার চাইতে এসেছিল। কেউ কেউ মন্তব্য করেন, মানুষ ওদের বাসস্থান ধংস করায় বিচার চাইতেই এসেছিল। কারণ এত এত ভবন থাকতে হাতিটি কেবল আদালতেই ঢুকতে চেয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস