প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৫:০১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৫:০৩ পিএম
বরপক্ষের অভিযোগ, ভোজে খাসির নল্লি দেওয়ার কথা থাকলেও তা দেয়নি কনেপক্ষ। ছবি : সংগৃহীত
বিয়েতে খাবার-দাবার নিয়ে ঝগড়া নতুন নয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিয়ে অনুষ্ঠানে খাবার নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে ঝগড়ার কথা মাঝেমধ্যেই শোনা যায়। তাই বলে বিয়ে ভেঙে দেওয়াটা একটু বেশি বেশি। কিন্তু সম্প্রতি তাই হয়েছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে।
জানা গেছে, তেলেঙ্গানায় একটি বাগদান অনুষ্ঠানের ভোজে খাসির মজ্জাওয়ালা হাড় বা নল্লি না পেয়ে বিয়েই ভেঙে দেয় বরপক্ষ, ঘটনা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত।
বাগদান সম্পন্ন হওয়ার পর খাবার পরিবেশনের সময় কনে পক্ষ খাসির নল্লি দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠে বরের পরিবার। বিষটি নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে, বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায়।
কনের পরিবার তেলেঙ্গানার নিজামবাদ এলাকার ও বরের পরিবার জগতিয়াল এলাকার। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদানের অনুষ্ঠান করা হয়েছিল। আর সেখানেই ঘটে অদ্ভুত এই ঘটনা।
বাগদান উপলক্ষে কনের পরিবার দুই পক্ষের জন্যই আমিষজাতীয় খাবারের ব্যবস্থা করেছিল। তবে খাবারের তালিকায় খাসির নল্লি নেয় জানার পরেই উত্তেজিত হয়ে পড়ে বরপক্ষ। একপর্যায়ে সেখানে মারামারি শুরু হয়ে যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ।
এত কাহিনীর মূল কারণ জানতে পেরে হতবাক হয়ে যান পুলিশ কর্মকর্তারাও। পরে তারা সমস্যার সমাধান করতে বরপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। তাতে অবশ্য কাজ হয়নি, শেষ পর্যন্ত বিয়ে বাতিল করে চলে যায় বরপক্ষ।
বরপক্ষের অভিযোগ, কনের পরিবার ইচ্ছা করেই তাদের কাছ থেকে সত্য গোপন করেছিল। খাবারের তালিকায় নল্লি না রেখে কনেপক্ষ তাদের চরম অসম্মান করেছে। তাই এখানে ছেলেকে বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না।
সূত্র : এনডিটিভি