প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:১০ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:১২ পিএম
তেলাপোকা মারতে ব্যবহার করা অতিরিক্ত গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। সংগৃহীত প্রতীকী ছবি
বাংলায় মশা মারতে কামান দাগা বলে একটি প্রবাদ প্রচলিত আছে। এর অর্থ হলো, সামান্য কোনো সমস্যা সমাধান করতে বিশাল আয়োজন করা। সম্প্রতি জাপানে এমন এক কাণ্ড ঘটেছে। একটি তেলাপোকা মারতে দেশটিতে একটি আস্ত ফ্ল্যাট ধ্বংস হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, জাপানের কুমামোটোর চুয়ো জেলায় এক ব্যক্তি বাসায় একটি তেলাপোকার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েন। এ অবস্থায় তেলাপোকাটি মারতে তিনি বাসায় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন। বদ্ধ ঘরে অতিরিক্ত কীটনাশক থেকে গ্যাস জমে যায়। ফলে সেখানে বিস্ফোরণ ঘটে। উড়ে যায় জানালা। ৫৪ বছর বয়সী কীটনাশক প্রয়োগকারী ব্যক্তিও আহত হন।
জাপানের জাতীয় ভোক্তা বিষয়ক কেন্দ্র জানায়, তারা বিস্ফোরণের একাধিক রিপোর্ট পেয়েছে যা বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে কীটনাশক স্প্রে করার কারণে হয়েছে।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্বের অধ্যাপক ফিলিপ কোহেলার বলেন, কিছু নির্দিষ্ট জায়গায় তরল স্প্রে প্রয়োগ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বৈদ্যুতিক আউটলেট, মোটর, বা উন্মুক্ত তারগুলো পানিভিত্তিক কীটনাশক স্প্রে প্রয়োগ করলে বৈদ্যুতিক শকের শঙ্কা থাকে।
এদিকে তেলাপোকা মারতে গিয়ে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী লেখেন, তেলাপোকাটি কি শেষ পর্যন্ত মরেছে?
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট