প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৩৯ পিএম
পানামা সিটির টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডার টাম্পা যাওয়ার পথে কোপা এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার জরুরি অবতরণ করে। উড়োজাহাজের ওয়াশরুমে একটি সন্দেহজনক বস্তু থাকার খবরে এই অবতরণ। বস্তুটিকে বোমা বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু অবতরণের পর দেখা গেলা সেটা বোমা নয়, বরং বয়স্কদের একটা ডায়াপার।
টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজে থাকা ১৪৪ যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরের নিরাপত্তা দল ও বিস্ফোরক নিস্ক্রিয় দল উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। এরপর দেখা যায়, সন্দেহভাজন বোমাটি আসলে একটি ডায়াপার ছিল।
পানামার ন্যাশনাল পুলিশ অফিশিয়াল এক্সে লিখেছে, এয়ারলাইন্সে একটি সন্দেহজনক বস্তু আছে এমন সতর্কতার পর বিশেষ বাহিনীর ইউনিটগুলো জরুরি প্রোটোকল চালু করে।
বিমানবন্দরের নিরাপত্তা দলের প্রধান হোসে কাস্ত্রো বলেন, আমাদের রানওয়ে সুরক্ষিত ছিল। পুলিশের বিশেষ বিস্ফোরক নিস্ক্রিয় ইউনিট এবং বিশেষ বাহিনী বস্তুটি পরীক্ষা করে দেখে এটি একটি ডায়াপার, কোনোরকম ঝুঁকি নেই।
টাম্পাগামী ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ছেড়েছিল, নিরাপত্তাজনিত কারণে পানামা সিটিতে ফিরে আসার পর এটি দুপুর ২টার কিছু পরে আবার উড্ডয়ন করে। সন্ধ্যা ৭টা নাগাদ উড়োজাহাজটি নিরাপদে টাম্পায় পৌঁছায়।
সূত্র : আরটি