প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২০:৩৮ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২৩:৪১ পিএম
সুইজারল্যান্ডে দুর্গম পথ পাড়ি দিয়ে পাহাড়ের ওপর থাকা দানবাক্সের অর্থ চুরির ঘটনা ঘটেছে। ছবি: বিবিসি
সুইজারল্যান্ডে দুর্গম পথ পাড়ি দিয়ে পাহাড়ের ওপর থাকা দানবাক্সের অর্থ চুরি হয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ২ হাজার ৩৫০ মিটার উঁচুতে থাকা ওই দানবাক্স পর্যন্ত শুধু অভিজ্ঞ পর্বতারোহীরাই পৌঁছাতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই দুর্গম পথের নাম ভিয়া ফেরাত্তা। সেখান দিয়ে পাহাড়ে ওঠা এতটাই কঠিন যে, ওই পথটিকে ‘লেভেল-৫’ মাত্রা বা
‘সবচেয়ে কঠিন’ বলে ধরা হয়।
খাড়া পাহাড়ের মধ্যে মই বসিয়ে উঠতে হয় এবং সরু স্টিলের তারের ওপর দিয়ে পথ পাড়ি দিতে
হয়।
যে দানবাক্সের অর্থ চুরি হয়েছে, সেটি
স্থানীয় এক পর্বতারোহণ ক্লাবের। ওই ক্লাবটি কোনো মাসোহারা ছাড়াই ভিয়া ফেরেত্তা পথটির
দেখাশোনা করে। চোরদের প্রসঙ্গে তারা ফেসবুকে লিখেছে, ‘কোন ধরনের
মানুষ এরা?’
ফেসবুক পোস্টে ক্লাবটি জানায়, ‘পর্বতারোহণ
ক্লাব কোনো বেতন ছাড়াই ভিয়া ফেরেত্তার খেয়াল রাখে। আমরা কোনো কিছু চাই না। কিন্তু এখন
কেউ এটি খেয়াল রাখার জন্য দান করা অর্থ চুরি করে দিয়ে গেছে।’ বিবিসির প্রতিবেদন
বলছে, চুরির ঘটনা উদঘাটনকারীদের ধারণা - এটি আগে থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে।
পর্বতারোহণ ক্লাবটি বলছে, দানবাক্সটিকে
ভেঙে খোলা হয়েছে এবং সেটি খালি অবস্থায় পাওয়া গেছে। চোররা শুধু ভালো পর্বতারোহীই নন,
তাদের সঙ্গে পাহাড়ে চড়ার প্রয়োজনীয় সব কিছুই ছিল।
ধারণা করা হচ্ছে, চুরি করার পর তারা
আর নিচে নেমে আসেনি। উল্টো দাউবেরহর্ন পাহাড়ের চূড়ার দিকে উঠে গেছে। সেটি মাটি থেকে
২ হাজার ৯৪১ মিটার উঁচুতে অবস্থিত।
বিবিসির প্রতিবেদন বলছে, ঘটনাটি কারা
ঘটিয়েছে তা খুঁজে বের করা কঠিন। কারণ গত কয়েকদিন আবহাওয়া ভালো থাকায় অনেক পর্বতারোহীই
ভিয়া ফেরেত্তায় এসেছেন। কত অর্থ চুরি হয়েছে, সে বিষয়েও নিশ্চিত নয় ক্লাব। তাদের সদস্য
এবং পর্বতারোহীদের গাইড রিচার্ড ওয়েরলেনের মতে, বাক্সে সাড়ে চারশ থেকে ৫৬০ ডলারের মতো
ছিল হয়তো।
সুইজারল্যান্ডে দৈনন্দিন কাজেকর্মে নগদ অর্থ ব্যবহৃত হয়। তবে সুইসরা হাইকিংয়ের পথ ও পর্বাতারোহণের রাস্তা ঠিক রাখার মতো বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ ধরনের কাজের জন্য জনসংখ্যার বড় অংশ খুশিমনেই দান করে থাকে। কিন্তু সাম্প্রতিক ঘটনার জেরে পর্বতারোহণ ক্লাবের মতো সংগঠনগুলোর হয়তো নতুনভাবে দান সংগ্রহের পথ খুঁজতে হবে।
সূত্র: বিবিসি