প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৬:০৭ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৬:৪৮ পিএম
শিশুকে দুধ খাওয়ানো হচ্ছে। ছবি : সংগৃহীত
গাড়ি চালানোর সময় কান্না করায় দুই মাস বয়সি শিশু সন্তানকে দুধের বোতলে মদ ঢেলে পান করালেন মা। পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। এ ঘটনায় ওই শিশুর মাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনো কাউন্টির রিয়াল্টো শহরের বাসিন্দা অনেস্টি দি লা তোরে নামক একজন নারীকে শিশুর খাবারে অ্যালকোহল মেশানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় অভিযুক্ত নারী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
গত শনিবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার রিয়াল্টোর রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন ৩৭ বছর বয়সি অনেস্টি। সঙ্গে ছিল তার সাত সপ্তাহ বয়সের শিশুসন্তান। গাড়ি চালানোর সময় বাচ্চার কান্না থামাতে তার দুধের বোতলে অ্যালকোহল মিশিয়ে দেন তিনি। ওই দুধ পান করার ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাউন্টির শেরিফের অফিস থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, গাড়ি চালানোর সময় শিশুর কান্না থামাতে তার দুধের বোতলে মদ ভরে দেন অনেস্টি। তা পান করার ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রাত পৌনে ১টার দিকে কাউন্টির শেরিফদের কাছে ক্রমাগত ফোন আসতে থাকে। লস এঞ্জেলস থেকে ৫৫ মাইল দূরে রিয়াল্টো নামের একটি স্থান থেকে পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেস্টিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬৬ লাখ টাকার বন্ডে ওয়েস্ট ভ্যালি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তবে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
শিশুটির মা অনেস্টি দে লা টোরে জানিয়েছেন, ‘সন্তানের কান্নায় বিরক্ত হয়ে তিনি শিশুটিকে মদ খাইয়েছেন।’