প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৩ ১১:২৫ এএম
আপডেট : ২৯ জুন ২০২৩ ১১:৩৫ এএম
এই রামেন তৈরিতে মোট ৪০ ধরনের মশলা ব্যবহার করা হয়েছে। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে অদ্ভুত যেকোনো কিছুই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তাইওয়ানের এক রেস্টুরেন্টের অদ্ভুত রেসিপির পরিবেশনা অনলাইনে ভাইরাল হয়েছে।
তাইওয়ান নিউজ অনুসারে, স্বশাসিত দ্বীপটির ইউনলিন কাউন্টির ডৌলিউ শহরের একটি রেস্তোরা 'গডজিলা রামেন' নামের নতুন রেসিপি ভোজন রসিকদের পরিবেশন শুরু করেছে। এই রামেনের প্রধান উপাদান কুমিরের মাংস। আর এর মূল আকর্ষণই হলো, ডিশটি পরিবেশনার বৈচিত্র।
গডজিলা মূলত প্রাগৌইতিহাসিক যুগের ডাইনোসর টি-রেক্সকে কেন্দ্র করে তৈরি কমিক ও মুভি সিরিজ চরিত্র। এই সিরিজের বেশ কয়েকটি ছবি হলিউডে ব্যাবসা সফল হয়েছে। বিশ্বব্যাপি ফ্যান্টাসি এই জনরার চলচ্চিত্রের অনেক ফ্যান রয়েছে। তাদের কথা মাথায় রেখেই কুমিরের মাংসে তৈরি রামেনটিতে গডজিলার কথা মনে করাতে জুড়ে দেওয়া হয়েছে আস্ত পা।
একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, একজন কমবয়সী নারী গ্রাহক রামেনটি খেয়ে দেখছেন এবং তিনি এটিকে আশ্চর্যজনকভাবে সুস্বাদু হিসেবে বর্ণনা করছেন।
সেই নারী দাবি করেন, বাষ্পযুক্ত রামেনের প্লেটারটি মুরগির স্বাদের।
জানা যায়, রেস্তোরার মালিক থাইল্যান্ড ভ্রমণের সময় সেখান থেকেই এই গরম জাদুকরী স্যুপ তৈরি করতে শেখেন। এই স্যুপে ৪০টিরও বেশি ধরনের মশলা আছে।
সূত্র : এনডিটিভি