প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৩ ১২:৩৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ১২:৪৮ পিএম
হাইনান এয়ারলাইনসের পরিষেবা কর্মীরা। ছবি : সংগৃহীত
চীনের এক বিমান পরিষেবা সংস্থা এর কর্মীদের জানিয়েছে, ‘চাকরি বাঁচাতে চাইলে মেদ ঝরাতে হবে।’
হাইনান এয়ারলাইনস নামে চীনের একটি বিমান পরিবহন সংস্থা সম্প্রতি এর নারীকর্মীদের একাংশের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, যেসব নারীকর্মী বিমানে পরিষেবা দেওয়ার কাজ করবেন, তাদের নির্দিষ্ট ওজনসীমা পেরোলে চলবে না।
কর্মীর ওজন নির্ধারিত ওজনের থেকে ১০ শতাংশ বাড়লেই চাকরি থেকে সাসপেন্ড করা হবে। বিমান সংস্থার এ নতুন নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কোনো সংস্থা তার কর্মীদের আইনত কি এ নির্দেশ দিতে পারে?
হাইনান বিমান পরিবহন সংস্থা অবশ্য আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছে, পরিষেবা এবং ভাবমূর্তি যথাযথ রাখতে ওজন নিয়ন্ত্রণ নীতি জরুরি। মূলত বিমানের ভেতরে পরিষেবা দেওয়া নারীকর্মীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য। ওজন বাড়লে তাদের বিমানের ভেতরের পরিষেবা থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হবে।
তবে নতুন যে নীতি নিয়ে বিতর্ক, তাতে বলা হয়েছে, যেসব নারী বিমানকর্মীর ওজন নির্ধারিত ওজনের থেকে ৫ শতাংশ বেশি হবে, তাদের কর্তৃপক্ষের রিভিউ কমিটির মুখোমুখি হতে হবে।
তার যোগ্যতার বিশ্লেষণ করা হবে, কর্মক্ষেত্রে নিয়মিত ওজন পরীক্ষা করা হবে। কিন্তু ওজন ১০ শতাংশ বেড়ে গেলে অবিলম্বে চাকরি থেকে সাসপেন্ড করা হবে।
হাইনানের এ নতুন নীতি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকেই জানিয়েছেন, কর্মীদের ওপর এ ধরনের নীতি চাপিয়ে দিয়ে আদতে তাদের মর্যাদাহানি করছে সংস্থাটি।
চীনের দালিয়ানের আইনজীবী লিউ তাও বলেছেন, ‘ওই নীতি শ্রম আইন বিরোধী, অনুপযুক্ত এবং স্পষ্টতই অবৈধ। এটি কর্মসংস্থান বৈষম্য তৈরি করতে পারে। নান্দনিকতাকে গুরুত্ব দিতে গিয়ে মানবিকতার অসম্মান করছে তারা।’
সূত্র : এনবিসি নিউজ