প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১১:৫১ এএম
আপডেট : ১১ জুন ২০২৩ ১১:৫২ এএম
বিমানের অভিনব ডিজাইনের ডবল ডেকার আসন। ছবি : সংগৃহীত
বিমানের অভিনব আসন ডিজাইনের মাধ্যমে যাত্রীদের আরও আরামদায়ক যাত্রার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে।
তাই বিমানের আসনের নতুন ডিজাইন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের সেই অভিনব ডবল ডেকার আসনের ডিজাইনের ছবি ভাইরালও হয়েছে।
কিন্তু, সামাজিক যোগাযোগমাধ্যমে সেটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
'চেইজ লংগু' নামে এক বিমানের সিটের প্রোটোটাইপের ছবি প্রথম প্রকাশিত হয় ২০২২ সালে। এর ডিজাইন করেছিলেন ডিজাইনার আলেজান্দ্রো নুনেজ ভিসেন্ট।
২৩ বছর বয়সি এই ডিজাইনার আবার এই সিটিং ব্যবস্থার একটি নতুন ছবি প্রকাশ করেছেন। জার্মানির হামবুর্গে এয়ারক্রাফ্ট ইন্টেরিয়র এক্সপোতে এর প্রদর্শনী হয়েছে। আর তারপরেই ফের সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে এই নতুন ডিজাইন।
নতুন ছবি ঘিরে সোশ্যাল মিডিয়াজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই ডিজাইন অপছন্দ করা নেটিজেনদের ভাষ্য হলো, এমন পরিস্থিতিতে নিচের সিটে বসে থাকা যাত্রীর অত্যন্ত দুরাবস্থা হতে পারে।
অনেকে আবার গুরুতর কিছু বিষয়ও তুলে ধরেছেন। তাদের মতে, এই ধরনের সিটে দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদের দ্রুত বের করে আনায় সমস্যা হতে পারে। তাই এই ডিজাইনের নিরাপত্তা আরও পর্যালোচনা করা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন তারা।
বর্তমানে দূরপাল্লার বিমানে পা রাখার জায়গা, অর্থাৎ সামনের ও পিছনের সিটের মধ্যে ফাঁকা জায়গা একটি বহুল আলোচনার বিষয়।
পা রাখার জায়গা কম থাকার কারণে দীর্ঘ সময়ের বিমানযাত্রায় যাত্রীদের পা ভাঁজ করে একটানা বসে থাকতে হয়। পা টানটান করার সুযোগ পান না তারা। ঘুম বা বিশ্রাম তো দূরের কথা। এটি বিশ্বজুড়ে একটি অত্যন্ত গুরুতর বিষয়।
যাত্রীদের সংখ্যা সর্বোচ্চ রাখার জন্য বিমান সংস্থাগুলোও আসনগুলো যতটা সম্ভব কাছাকাছি করে সাজায়। এদিকে এই নিয়ে বিমানযাত্রীদের অভিযোগেরও শেষ নেই।
এর প্রেক্ষিতেই অনেক যাত্রী এই ডিজাইনের প্রশংসা করেছেন অনেকে। তাদের মতে, এই ধরনের ডিজাইনের কারণে যাত্রীদের লেগ স্পেস বৃদ্ধি পাবে। এতে দীর্ঘ রুটে যাতায়াত করা আরও আরামদায়ক হবে।
সূত্র : থ্রিলিস্ট