প্রবা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
পৃথিবীতে মানুষের প্রতিভার কোনো শেষ নেই। সেসব প্রতিভা ছড়িয়ে দিতে শরণাপন্ন হয়ে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমের। সম্প্রতি ছড়িয়ে পড়া তেমনই একটি প্রতিভাধর ভিডিও অবাক করে দিয়েছে নেটবাসীকে।
ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলে ক্যাটওয়াক করছেন এক নারী। নিশ্চয়ই পুলে হাঁটা বা ক্যাটওয়াক করা স্বাভাবিক বিষয়। তবে এ ক্যাটওয়াক যদি হয় উল্টা হেঁটে, তাতে নিশ্চয় অবাক না হয়ে থাকা যাবে না?
ঠিক এমন প্রতিভা দেখিয়েই বিস্মিত করলেন এক নারী। ইনস্টাগ্রামে ক্রিস্টিমাকুশা নামের একটি আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়। যাতে দেখা যায়, এক নারী উল্টা হয়ে ক্যাটওয়াক করছেন পানির ভেতরে। সে ক্যাটওয়াক এতটাই নিখুঁত ছিল যে এমন প্রতিভা দেখে প্রশংসায় ভরে যায় পোস্টটির কমেন্ট সেকশন।
এনডিটিভি জানিয়েছে, ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে, ভিডিও শেয়ারকারী নারীর নাম ক্রিস্টিনা মাকুশেঙ্কো। তিনি সিঙ্ক্রোনাইজড সাঁতারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন।
ভিডিও’র শুরুতে দেখা যায়, তিনি হাইহিল পরে উল্টা হয়ে পুলের পানির ভেতরে হাঁটছেন। হঠাৎ তিনি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে পুলের থলদেশ থেকে একটি ব্যাগ তুলে নেন। এরপর ব্যাগটি কাঁধে ঝুলিয়ে সোজা হাঁটা শুরু করেন। শেয়ার করার পর ৫ কোটি ৪১ লাখ মানুষ ভিডিওটি দেখেন। ১৭ লাখ মানুষ এতে লাইক দেন। অসংখ্য মানুষ আন্তরিক মন্তব্য করেছেন এবং ক্রিস্টিনার প্রশংসা করেছেন।
একজন মন্তব্যকারী লেখেন, আপনি অসাধারণ। ভিডিওটি দেখে আমি কেবলই ভাবছি, আপনি পানির ভেতরে এটি কীভাবে করলেন!
আরেকজন বলেন, আপনি যখন আপনার বাহু এবং পা নাড়াচ্ছেন তখনও জলের কোনো নড়াচড়া হচ্ছে না। এটি অবিশ্বাস্য ব্যাপার।
ইনস্টাগ্রামে ক্রিস্টিনা মাকুশেঙ্কোর সাড়ে ৬ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। এখানে তিনি প্রায়ই তার সাঁতারের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। যেগুলোর বেশ প্রশংসা করেন সবাই।
প্রবা/এনএস/এমআই