প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৩ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম
সহকর্মীর সঙ্গে রোবট কুকারের সামনে দাঁড়িয়ে ‘বটস অ্যান্ড পটস’ রেস্তোরাঁর মালিক হার্বোইয়ে বুজাস।
মন চাইছে হালকা স্বাদের পাস্তা নাকি মশলায় ভরপুর গরুর মাংস? রেস্তোরাঁয় বসে অর্ডার করলে মিনিট পনেরর মধ্যেই তা চলে আসছে আপনার টেবিলে। যেমন তার স্বাদ, তেমনই ঘ্রাণ!
তবে সেই সুস্বাদু রান্নার কারিগর কিন্তু কোনো মানুষ নন। কাটা-বাটা, খুন্তি নাড়া থেকে পরিবেশনের আগ পর্যন্ত পুরো কাজটা করছে রোবট শেফ।
ক্রোয়েশিয়ার রাজধানী জ়াগ্রেবে এমনই পরিবেশনায় চমকে দিয়েছেন ‘বটস অ্যান্ড পটস’ রেস্তোরাঁর মালিক হার্বোইয়ে বুজাস।
ওই রেস্তোরারঁ মালিকের ভাষ্যমতে, এই রাঁধুনিকে শুধু যন্ত্রচালিত কুকার বললে ভুল হবে। এটি আদতে কৃত্রিম মেধাযুক্ত একটি রোবট। এটির নাম গামাশেফ।
একটা রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে গামাশেফের সময় লাগে মাত্র ১৫ মিনিট। এমন ৭০ রকমের ‘ওয়ান পট মিল’ বানাতে পারে সে। কতটা তেল লাগবে, লবণ বা মিষ্টি কতটা দিতে হবে, কতক্ষণে খাবার সেদ্ধ বা ভাজা হবে, পুরো বিষয়টাই সে কৃত্রিম মেধার সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারে।
বুজাস জানাচ্ছেন, গত বছর ১০ দশমিক ৭ লাখ ডলার খরচ করে রেস্তোরাঁটি খোলেন তিনি। তারপর থেকে হইহই করেই চলছে এটি।
বুজাস জানান, কয়েকটি গামাশেফ থাকলে, একাই একটা রেস্তোরাঁ চালানো সম্ভব। তবে অনেকের আশঙ্কাও তৈরি করেছে এই গামাশেফ।
কারণ, এই যন্ত্রনির্ভরতা সর্বত্র ছড়িয়ে পড়লে বহু মানুষ কাজ হারাতে পারেন।
সূত্র : স্পিলিটটেকসিটি