প্রবা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২২ ১৮:০১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২২ ১৮:২৩ পিএম
অ্যাপল-১ কম্পিউটার প্রোটোটাইপ
স্টিভ জবসের ব্যবহার করা অ্যাপল-১ কম্পিউটারের প্রোটোটাইপ (আদি রূপ) নিলামে বিক্রি হয়েছে প্রায় ৭ লাখ ডলারে। সত্তরের দশকের মাঝামাঝি এ কম্পিউটার প্রোটোটাইপটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
আরআরঅকশন এক বিবৃতিতে জানায়, প্রোটোটাইপটি অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে দ্য বাইট শপের মালিক পল টেরেলকে অ্যাপল-১ প্রদর্শনের জন্য ব্যবহার করেছিলেন। দ্য বাইট শপ হলো বিশ্বের প্রথম ব্যক্তিগত কম্পিউটার স্টোরগুলোর মধ্যে একটি।
নিলামকারী সংস্থাটি জানায়, একটি বে এরিয়া কোম্পানি বৃহস্পতিবার ৬ লাখ ৭৭ হাজার ১৯৬ মার্কিন ডলারের বিনিময়ে জিতে নেন অ্যাপলের এ দুর্লভ সংগ্রহটি।
আরআর-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ববি লিভিংস্টন বলেন, এ বোর্ডটি ছাড়া আর কোনো অ্যাপল-১ নেই। এটি স্টিভ জবস এবং অ্যাপলের যাত্রার স্মৃতি বহন করে।
বোর্ডটির সঙ্গে ১৯৭৬ সালে তোলা টেরেলের কিছু ছবি পাওয়া যায়। যা থেকে বোঝা যায় প্রোটোটাইপটি তিনি ব্যবহার করেছেন।
প্রোটোটাইপটি ৩০ বছর আগে একজনের কাছে বিক্রি করেন স্টিভ। তার আগে এটি অ্যাপল গ্যারেজে সংরক্ষিত ছিল।
প্রবা/এনএস/এমজে