প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:১৯ পিএম
নাটকের প্রিয় চরিত্রের ওপর অন্যায় দেখে রেগে গিয়ে টেলিভিশন স্ক্রিনে আঘাত করছেন ৯১ বছরের এক বৃদ্ধা। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
টেলিভিশনে বিভিন্ন দৃশ্য দেখে অনেক দর্শক নানা প্রতিক্রিয়া দেখায়। কেউ কেউ তো উত্তেজনাবশে টেলিভিশন ভেঙে ফেলতেও দ্বিধা করে না। তেমনই এক ঘটনা ঘটেছে চীনে। তবে ৯১ বছর বয়সী দর্শক টেলিভিশন ভাঙেননি। তবে তিনি টেলিভিশন স্ক্রিনে ইচ্ছেমতো থাপ্পড় মেরেছেন।
৯১ বছর বয়সী ওই বৃদ্ধার বসবাস চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, তিনি প্রায়ই নাটকগুলোয় এতটা মগ্ন
হয়ে পড়েন যে, রেগে গিয়ে চিৎকার করেন। এমনকি প্রিয় চরিত্রদের সঙ্গে অন্যায় হতে দেখলে
টেলিভিশন স্ক্রিনে আঘাতও করে বসেন!
বৃদ্ধার এই কাণ্ডে বাড়ির সবাই তো হেসে খুন। তার নাতনি লিউ টিভিনাটক
দেখার সময় দাদির আবেগপ্রবণ হয়ে পড়া এবং তীব্র প্রতিক্রিয়া দেখানোর ঘটনাগুলো ভিডিও করা
শুরু করেন। তিনি সেসব ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা ব্যাপকভাবে নজর কাড়ে।
লিউ বলেন, তার দাদির প্রিয় কাজ টিভি দেখা। একটি ভিডিওতে দেখা যায়,
ওই বৃদ্ধা রেগে গিয়ে একটি পুরুষ চরিত্রের দিকে তাকিয়ে চিৎকার করছেন। নাটকে সে সময় ওই
পুরুষ চরিত্র এক নারীকে নির্যাতন করছিলেন।
বাড়ির বড়রা ছোটদের ওপর চাপ দিচ্ছে বা নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেÑ
এমন কিছু দেখলেও ওই বৃদ্ধা ক্ষোভ প্রকাশ করেন। মাঝেমধ্যে তিনি এতটাই রেগে যান যে, টেলিভিশনে
চড় মেরে বসেন। লিউ জানান, একবার তার দাদির রাগের কারণে তাদের টেলিভিশনই পাল্টাতে হয়েছিল।
নতুন টিভি কেনার মাত্র তিনদিন পর সেটির স্ক্রিন কালো হয়ে গিয়েছিল। কারণ দাদি সেটিতে
থাপ্পড় মেরেছিলেন।
লিউ আরও বলেন, টিভিতে নাটক দেখতে গিয়ে দাদি রেগে গেলেও বাস্তবজীবনে
তিনি কখনও রাগ করেন না। পরিবারের সবার সঙ্গে সবসময় সদয় ব্যবহার করেন।
লিউ হাসতে হাসতে বলেন, শুধু টিভি সিরিজ দেখার সময়ই দাদি ‘অন্য ব্যক্তিতে’ পরিণত হন। দাদির রাগ থেকে টেলিভিশন স্ক্রিনকে রক্ষা করতে টেলিভিশনের সামনে একটি অ্যাক্রেলিক শিল্ড লাগিয়ে দিয়েছে পরিবারটি।