× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই ‘অদ্ভুত ধূমকেতু’ আজই সবচেয়ে ভাল দেখা যেতে পারে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৩:০৩ পিএম

সেই ‘অদ্ভুত ধূমকেতু’ আজই সবচেয়ে ভাল দেখা যেতে পারে!

মঙ্গলগ্রহ আমাদের পৃথিবী থেকে ৩৫ কোটি কিলোমিটার দূরে। সেই হিসেবে এই ধূমকেতু শুক্রবার (৩ অক্টোবর) পৃথিবী থেকে প্রায় ৩৮ কোটি কিমি দূরে থাকবে। কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞানীরা মনে করছেন, শুক্রবারই একে পৃথিবী থেকে সবচেয়ে ভাল দেখা যেতে পারে অন্যান্য দিনের তুলনায়।

গত জুলাইয়ে তাকে প্রথম দেখেছিলেন বিজ্ঞানীরা। তার রূপ, রং, চরিত্র নিয়ে ছিল নানা জল্পনা। পৃথিবী যে সৌরমণ্ডলে রয়েছে, তাতে ঢুকে পড়ে ক্রমে সব গ্রহের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে সেই ‘অদ্ভুত অতিথি’ এসে পড়েছে মঙ্গলের কাছে।

বিজ্ঞানীরা বলছেন, শুক্রবার মঙ্গলের খুব কাছে আসবে ‘৩আই/অ্যাটলাস’। আর সেই সুবাদে পৃথিবী থেকেও খুব ভালভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ধূমকেতুকে। যদিও বাদ সাধছে মেঘলা আকাশ আর এই ধূমকেতুর অবস্থান।

এই ‘৩আই/অ্যাটলাস’র বয়স আমাদের সৌরমণ্ডলের থেকেও বেশি। বিজ্ঞানীরা বলছেন, কোনো ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে ভবঘুরের মতো আমাদের সৌরমণ্ডলে ঢুকে পড়েছে সে। তাকে নিয়ে রয়েছে অনেক বিস্ময়। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের প্রধান সন্দীপকুমার চক্রবর্তী জানিয়েছেন, শুক্রবার এই ‘৩আই/অ্যাটলাস’ থাকবে মঙ্গলগ্রহের তিন কোটি কিলোমিটার দূরে। মঙ্গল আমাদের পৃথিবী থেকে ৩৫ কোটি কিলোমিটার দূরে রয়েছে। সেই হিসেবে এই ধূমকেতু শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৩৮ কোটি কিমি দূরে থাকবে। কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞানীরা মনে করছেন, শুক্রবারই একে পৃথিবী থেকে সবচেয়ে ভাল দেখা যেতে পারে অন্যান্য দিনের তুলনায়। কারণ, পৃথিবী থেকে ওই ধূমকেতু দূরে থাকলেও মনে রাখতে হবে, তা সূর্য থেকেও ১১ ডিগ্রি কৌণিক দূরত্বে রয়েছে। তাই সূর্য ডুবলেও তাকে ভাল দেখা যাবে। কিন্তু সেই ধূমকেতু যদি সূর্যের কাছে চলে যায়, তা হলে তাকে পৃথিবীর কোনো জায়গায় দেখা যাবে না। সূর্যের রশ্মিতে সে ঢাকা পড়ে যাবে।

সৌরমণ্ডলের মধ্যে দিয়ে যেতে যেতে ‘৩আই/অ্যাটলাস’ সূর্যের কাছে যাবে ২৯ অক্টোবর। পৃথিবী সূর্যের যে দিকে রয়েছে, ৩১ অক্টোবর তার উল্টো দিকে থাকবে ধূমকেতুটি। তার পর সেই অবস্থান থেকে সে বেরিয়ে আসবে বটে, কিন্তু পৃথিবী থেকে আর খুব বেশি দিন দেখা যাবে না। ১৯ ডিসেম্বর সেই ধূমকেতু আবার পৃথিবীর কাছে দিয়ে যাবে। তবে সেই দূরত্ব নেহাত কম নয়। পৃথিবীর প্রায় ২৭ কোটি কিলোমিটার দূর দিয়ে যাবে ‘৩আই/অ্যাটলাস’। তার পরে এই সৌরমণ্ডল থেকে ক্রমেই বেরিয়ে যাবে সে। সেই কারণে, বিজ্ঞানীরা মনে করছেন, শুক্রবারই পৃথিবী থেকে সবচেয়ে ভাল দেখা যেতে পারে ওই ‘অদ্ভুত অতিথি’কে। কিন্তু আকাশ পরিষ্কার থাকবে না। তা ছাড়া দিগন্তের খুব কাছে থাকবে সেই ধূমকেতু। সে কারণে তাকে দেখা একটু সমস্যা হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। তবে এই ধূমকেতু কোনোভাবেই পৃথিবীবাসীর কোনো উদ্বেগের কারণ হতে পারবে না। কারণ পৃথিবী থেকে অনেকটাই দূরে থাকবে সে।

ভিনগ্রহীদের মহাকাশযান?

কয়েকজন বিজ্ঞানী আপাতভাবে ‘৩আই/অ্যাটলাস’কে ভিনগ্রহীদের মহাকাশযান বলে মনে করেছিলেন। কিন্তু ক্রমেই বিজ্ঞানীদের কাছে স্পষ্ট হয়েছে, এটি নেহাতই ধূমকেতু। এই ‘৩আই/অ্যাটলাস’ অন্য সৌরমণ্ডল থেকে ছিটকে বেরিয়ে এসেছে। তার পরে ভবঘুরের মতো ঢুকে পড়েছে আমাদের সৌরমণ্ডলে।

কেন এটা ‘অদ্ভুত অতিথি’?

প্রথমত বৃহস্পতি পৃথিবী থেকে যে দূরত্বে রয়েছে, সেই দূরত্বে কোনো ধূমকেতুর লেজ দেখা যায় না। কিন্তু ‘৩আই/অ্যাটলাস’ যখন বৃহস্পতির কাছে ছিল, তখন তার লেজ দেখা গিয়েছিল। তার লাগোয়া রয়েছে বড় বায়ুমণ্ডল বা অ্যাটমোস্ফিয়ার। দ্বিতীয়ত, সেই বায়ুমণ্ডলের স্পেকটোগ্রাফ নিয়ে দেখা গিয়েছে, লেজ থেকে জলের বদলে কার্বন-ডাই-অক্সাইড বের হচ্ছে। এখনও পর্যন্ত কোনো ধূমকেতুর ক্ষেত্রে এমন দেখা যায়নি। তৃতীয়ত, সৌরজগতের যে সমতলে সব গ্রহ রয়েছে, সেই সমতল দিয়ে আসছে ধূমকেতুটি। যেন বহু দূরের তারা থেকে সে সব গ্রহের সঙ্গে দেখা করতে আসছে। প্রথমে বৃহস্পতি, তার পরে মঙ্গল, বুধ, শুক্রের পাশ দিয়ে সূর্যের কাছে গিয়ে আবার ফিরে আসবে সে। গ্রহগুলোর এত কাছ দিয়ে সে যাচ্ছে, মনে হচ্ছে যেন চিন্তাভাবনা করে গতিপথ ঠিক করেছে ধূমকেতুটি।-সূত্র আনন্দবাজার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা