× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খনি থেকে নিজেই খুঁজে আনলেন বিয়ের আংটির হীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১১:৫৩ এএম

খনি থেকে নিজেই খুঁজে আনলেন বিয়ের আংটির হীরা

বিয়ের আগে অনেকেই জীবনসঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনসঙ্গীর পাশাপাশি এক অমূল্য হীরাও। ৩১ বছর বয়সি ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হীরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এজন্য তিনি পৃথিবীর যেকোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।

তবে গবেষণা করে ফক্স জানতে পারেন, যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কই একমাত্র জায়গা, যেখানে জনসাধারণ নিজেরাই হীরা খুঁজে বের করেন এবং নিজের কাছে রাখতে পারেন।

গ্র্যাজুয়েট পড়াশোনা শেষ করার পর প্রেমিকের সমর্থন পেয়ে ফক্স গত ৮ জুলাই ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে পৌঁছান। পরবর্তী তিন সপ্তাহে তিনি প্রায় প্রতিদিনই গ্রীষ্মের তীব্র গরমে খনন চালিয়ে যান। অবশেষ পার্কের ৩৭.৫ একর জুড়ে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্রের মধ্যে হাঁটার সময় হঠাৎ পায়ের কাছে এক ঝলক আলো চোখে পড়ে তার। প্রথমে তিনি ভেবেছিলেন, এটি শিশিরে ভেজা মাকড়সার জাল। কিন্তু কাছে গিয়ে দেখেন উজ্জ্বল একটি পাথর।

ফক্স বলেন, ‘আগে কখনও হাতে নিয়ে হীরা দেখিনি। কিন্তু এটা ছিল আমার দেখা সবচেয়ে ‘হীরের মতো’ হীরা। পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, এটি একটি সাদা হীরা, ওজন ২.৩ ক্যারেট। শুধু তাই নয়, এটি এ বছর সেখানে পাওয়া তৃতীয় বৃহত্তম হীরা।

উত্তেজনায় হাঁটু গেড়ে বসে পড়েন ফক্স। তিনি বলেন, ‘আমি কেঁদে ফেলেছিলাম, তারপর হেসেছিলাম। জানতাম, এটাই আমার আজীবনের পাথর।’ নিজের নামের সঙ্গে প্রেমিকের পদবি যোগ করে হীরাটির নাম দেন তিনি ‘ফক্স বালু ডায়মন্ড’।

ফক্সের মতে, এই অভিজ্ঞতা শুধু হীরা পাওয়ার নয়, বরং জীবনের একটি শিক্ষা। তিনি বলেন, ‘টাকা দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। কিন্তু বিয়েতে কখনও টাকা ফুরিয়ে যেতে পারে। তখন দরকার পরিশ্রমের মাধ্যমে সমাধান করার ক্ষমতা।’

ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে প্রতিবছর শত শত মানুষ হীরার খোঁজে আসেন। এখানে ‘ফাইন্ডারস কিপারস’ নীতি চালু আছে। অর্থাৎ যিনি পাবেন, হীরা তারই। এ বছর এখন পর্যন্ত ৩৬৬টি হীরা নিবন্ধিত হয়েছে, যার মধ্যে ১১টির ওজন এক ক্যারেটের বেশি। ১৯০৬ সালে এখানে প্রথম হীরা আবিষ্কারের পর থেকে ৭৫ হাজারের বেশি হীরা পাওয়া গেছে।

এখানে পাওয়া সবচেয়ে বড় হীরাটি ৪০.২৩ ক্যারেট ওজনের। ‘আঙ্কল স্যাম’ নামের এই হীরাটি পাওয়া গিয়েছিল ১৯২৪ সালে। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে সংরক্ষিত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা