প্রবা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:৪০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:৫৩ পিএম
পাত্রকে বিয়ের মালা পরাচ্ছেন যমজ দুই বোন।
ভারতের মহারাষ্ট্রের যমজ দুই বোন রিংকি ও পিংকি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। মুম্বাইয়ে কাজ করেন তারা। তারা দুই বোন একই পাত্রকে বিয়ে করে সর্বত্র আলোচনার সৃষ্টি করেছেন।
ডিএনএ জানিয়েছে, এমনই উদ্ভট ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুই বোনের একই পাত্রকে পছন্দ ছিল। তাই দুই পরিবারই এই উদ্ভট বিয়ে মেনে নিয়েছে। জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজনও করা হয়।
মারাঠি সংবাদমাধ্যম মহারাষ্ট্র টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দুই বোনের বাবা মারা যান। তারপর থেকে মায়ের সঙ্গে থাকতেন তারা। এরই মধ্যে দুই বোন এবং মা অসুস্থ হয়ে পড়েন। সেই সময় অতুলের গাড়িতে করে হাসপাতালে যেতেন তারা। সেই সময় দুই বোনেরই মনে ধরে অতুলকে। তারপরই জাঁকজমকপূর্ণ ওই বিয়ের আয়োজন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘটা করে বিয়ে হচ্ছে দুই যমজের। কয়েকজনের কাঁধে বসে আছেন পাত্র। তাকে মালা পরানোর চেষ্টা করছেন দুই বোন। ওই যুবক অনেকটা উঁচুতে থাকায় মালা পরাতে পারছিলেন না তারা। তারপর পেছন থেকে কেউ তুলে ধরেন এক বোনকে। তখন তিনি ওই পাত্রের গলায় মালা পরিয়ে দেন। অপর বোনও লাফিয়ে ওই যুবকের গলায় মালা পরিয়ে দেন। তারপর পাত্রকে কাঁধ থেকে নামিয়ে দেওয়া হয়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন পুরো বিষয়টি দেখেছেন হাস্যরসের দৃষ্টিতেই।
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমাদের ভাগ্যই খারাপ।’ আরেকজন লিখেছেন, ‘ভগবান কেন? কেন?’
কেউ কেউ আবার বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, দুই নারী কীভাবে একজনকে বিয়ে করতে পারেন?