× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ভারতের আকরাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪০ এএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৪ এএম

মাহমুদ আকরাম। ছবি : সংগৃহীত

মাহমুদ আকরাম। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বাসিন্দা মাহমুদ আকরাম। ১৯ বছর বয়সি এই তরুণ ভাষার জগতে এক বিস্ময়কর প্রতিভা। তিনি ৪০০টি ভাষায় পড়তে, লিখতে এবং কম্পিউটারে টাইপ করতে পারেন। এর মধ্যে ৪৬টি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন।

মাহমুদের ভাষার প্রতি আগ্রহ শুরু হয় শৈশবেই। তার বাবা শিলবি মোঝিপ্রিয়ানও ১৬টি ভাষায় পারদর্শী। কগনিটিভ সাইকোলজিতে পিএইচডিসহ বেশ কয়েকটি ডিগ্রি রয়েছে তার। শিলবি কর্মসূত্রে ইসরায়েল, স্পেনসহ বিভিন্ন দেশে ভাষাগত সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তখনই পণ করেছিলেন, সন্তানও যেন একই সমস্যায় না পড়ে। তাই মাহমুদ যখন মায়ের গর্ভে, তখনই ভাষা নিয়ে আলোচনা করত শিলবি দম্পতি। শৈশব থেকে পরিবারে এসব আলোচনাই মাহমুদের ভাষার প্রতি আগ্রহ জাগাতে সহায়তা করে।

চার বছর বয়সে মাহমুদ ভাষা শিক্ষার যাত্রা শুরু করেন। প্রথমে তিনি তামিল ও ইংরেজি বর্ণমালা শিখতে শুরু করেন এবং মাত্র ছয় দিনে ইংরেজি বর্ণমালা আয়ত্ত করেন। তামিলের ২৯৯টি বর্ণ শিখতে তার সময় লেগেছিল মাত্র তিন সপ্তাহ। যেখানে শিশুদের সাধারণত এটি শিখতে মাসের পর মাস লেগে যায়। বাবার সহায়তায় প্রাচীন তামিল লিপি যেমন : ভাট্টেলুত্তু, গ্রন্থা এবং তামিঝি শিখে ফেলেন মাহমুদ। ছয় বছর বয়সে বাবার ভাষাজ্ঞানকে অতিক্রম করে আরও ভাষা শিখতে আগ্রহী হয়ে ওঠেন তিনি।

ছয় থেকে আট বছর বয়সের মধ্যে মাহমুদ স্বশিক্ষায় ৫০টি ভাষা শিখে ফেলেন। তখন তিনি বিভিন্ন পাঠ্যপুস্তক এবং অনলাইন এনসাইক্লোপিডিয়া ওমনিগ্লটের ওপর নির্ভর করতেন। আট বছর বয়সে সর্বকনিষ্ঠ বহুভাষিক টাইপিস্ট হিসেবে প্রথম বিশ্বরেকর্ড অর্জন করেন, যেখানে তিনি বিভিন্ন ভাষায় টাইপ ও পড়ার দক্ষতা প্রদর্শন করেন।

১০ বছর বয়সে ১ ঘণ্টার মধ্যে ২০টি ভাষায় ভারতের জাতীয় সংগীত লিখে দ্বিতীয় বিশ্বরেকর্ড অর্জন করেন মাহমুদ। ১২ বছর বয়সে তিনি ৪০০টি ভাষায় পড়া, লেখা ও টাইপ করার দক্ষতা অর্জন করেন এবং জার্মানিতে ৭০ জন ভাষাবিদের সঙ্গে প্রতিযোগিতায় তৃতীয় বিশ্বরেকর্ড অর্জন করেন। সেখানে ৩ মিনিটের মধ্যে একটি বাক্য যত বেশি সম্ভব ভাষায় অনুবাদ করতে হয়েছিল। মাহমুদ সর্বাধিক অনুবাদ করে জার্মান ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ড জয় করেন।

তবে মাহমুদের ভাষার প্রতি গভীর আগ্রহ তার প্রচলিত শিক্ষার পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত চেন্নাইয়ে পড়াশোনা করেন, কিন্তু ভাষা শিক্ষার জন্য বিশেষায়িত স্কুলের প্রয়োজনীয়তা অনুভব করেন। ভারতে এমন স্কুল না পাওয়ায় তিনি ইসরায়েলের একটি অনলাইন স্কুলে পড়াশোনা শুরু করেন, যেখানে প্রধান বিষয়ের পাশাপাশি হিব্রু, আরবি, ইংরেজি ও ফরাসি ভাষা শেখেন।

মাহমুদ তামিল ভাষার প্রাচীন সাহিত্য ও জ্ঞানকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান। তার লক্ষ্য তামিল ভাষার সম্পদকে সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে বিশ্ববাসী তামিল সংস্কৃতি ও জ্ঞান সম্পর্কে জানতে পারে। তিনি আকরাম গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অনলাইন এবং সশরীরে ভাষা শিক্ষা দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা