প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪ পিএম
চিকিৎসকেরা অস্ত্রোপচার করছেন। ছবি : সংগৃহীত
চিকিৎসাক্ষেত্রে একের পর এক নতুন নতুন উদ্ভাবন হচ্ছে প্রতিনিয়তই। এবার চিকিৎসাক্ষেত্রে একটি অসাধারণ বিষয়ের দেখা মিলল ভারতের একটি ক্যানসার হাসপাতালে। হাসপাতালটির চিকিৎসকেরা সফলভাবে একজন রোগীর মস্তিষ্ক থেকে একটি টিউমার অপসারণ করেছেন। অবাক করার বিষয় হলো, টিউমার অপসারণের সময় ব্যক্তিটি জেগে ছিলেন ও তার ফোন ব্যবহার করছিলেন।
ঘটনাটি লখনৌয়ের চক গঞ্জারিয়া এলাকার কল্যাণ সিং ক্যানসার ইনস্টিটিউটের। সেখানে হরিশচন্দ্র প্রজাপতি নামে ৫৬ বছর বয়সি এক ব্যক্তির ব্রেন টিউমার অপসারণ করা হয়েছে। এ সময় তিনি সম্পূর্ণরূপে জেগে ছিলেন। আর তার ফোন চালাচ্ছিলেন।
এ ঘটনা শুনলেই বিষ্ময়ের সঙ্গে মনে প্রশ্ন জেগে ওঠে.. ‘তা কী করে সম্ভব?’
টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়েছে, চিকিৎসকরা ‘অ্যাওয়েক ক্র্যানিওটমি’ নামে একটি যুগান্তকারী কৌশল ব্যবহার করেছেন। এ কৌশল স্থানীয় অ্যানেস্থেসিয়ার অধীনে থাকাকালীনও রোগীকে যোগাযোগ করতে সক্ষম করে তোলে। আর রোগীর স্নায়ুর ক্ষতি হওয়ার ঝুঁকি হ্রাস করতে চিকিৎসকদের সহায়তা করে।
এ প্রক্রিয়া চলাকালীন প্রজাপতি তার ফোন ব্যবহার করা, কলম ধরা ও তার পা নাড়ানোর মতো কাজগুলোতে অংশ নিতে সক্ষম হয়েছেন। এটি চিকিৎসকদের বাস্তব সময়ে তার মস্তিষ্কের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করতে সহায়তা করেছে। এর ফলে তার মোটর ফাংশনগুলোর (কোনো কাজ করার সময় দেহের পেশিগুলোর সঠিকভাবে নড়াচড়া করানো) সঙ্গে আপস না করে নিরাপদে টিউমার অপসারণ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. বিজেন্দ্র কুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘স্নায়ুর ক্ষতির ঝুঁকি কমাতে আমরা অ্যাওয়েক ক্র্যানিওটমি কৌশল বেছে নিয়েছি।’
সূত্র : জিও নিউজ