প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৬:৪৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৭:৪৮ পিএম
জলদস্যু জাহাজ থেকে পাওয়া হাঁড়ি, কড়াই ও ধাতব জিনিসপত্রের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
স্পেন ও মরক্কোর মধ্যবর্তী গভীর সমুদ্র থেকে ১৭ শতকের একটি ছোট জলদস্যু জাহাজ আবিষ্কার করেছে ধ্বংসাবশেষ শিকারিরা। গত মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
জাহাজটি বার্বারি করসায়ার নামে পরিচিত। এটি জিব্রাল্টা প্রণালির ৮৩০ মিটার (২ হাজার ৭০০ ফুট) গভীরে অবস্থিত। জাহাজটি প্রায় ১৪ মিটার (৪৫ ফুট) লম্বা।
রেকওয়াচ ম্যাগাজিনের প্রধান ও বার্বারি করসায়ারের পুনরাবিষ্কারের গবেষক হলেন শন কিংসলে। তিনি লাইভসায়েন্সকে জানিয়েছেন, জলদস্যু জাহাজটির ধ্বংসাবশেষটি বার্বারি হার্টলায় পাওয়া প্রথম আলজিয়ার্স করসায়ার।
পুঙ্খানুপুঙ্খ গবেষণা করে ও এর সত্যতা নিশ্চিত কারার পরই রেকওয়াচে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
মজার ব্যাপার হলো, বার্বারি করসায়ার জলদস্যুদের বেশিরভাগই মুসলিম ছিলেন। তারা পঞ্চদশ শতাব্দীতে আলজিয়ার্স থেকে জলদস্যুতা শুরু করেন। সংশ্লিষ্ট অঞ্চলটি অটোমান সাম্রাজ্যের অংশ ছিল।
আধুনিক মরক্কো থেকে লিবিয়া পর্যন্ত উত্তর আফ্রিকার পশ্চিম উপকূলরেখা বার্বারি কোস্ট নামে পরিচিত। ২০০ বছরেরও বেশি সময় ধরে এই রুটে চলাচলকারী জলদস্যুরা জনগণের জন্য হুমকি ছিলেন।
তারা দাস কেনাবেচার মতো জঘন্য কাজে লিপ্ত ছিলেন। ইউরোপের ভূমধ্যসাগর ও আটলান্টিক উপকূলে তাদের পথ অতিক্রমকারী জাহাজগুলোতে আক্রমণ করতেন।
লাইভসায়েন্সের মতে, যারা জলদস্যুদের হাতে ধরা পড়ত তাদের দাসরূপে উত্তর আফ্রিকায় বিক্রি করা হতো। বিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত কিছু মুসলিম দেশে এই ভয়াবহ দাস কেনাবেচার ব্যবসা অব্যাহত ছিল।
তবে, ঊনবিংশ শতাব্দীতে বার্বারি করসায়ার্স জলদস্যুরা যুক্তরাষ্ট্র, সুইডেন ও দক্ষিণ ইতালি সিসিলির নরম্যান রাজ্যের কাছে বার্বার যুদ্ধে পরাজিত হয়।
সূত্র : জিও নিউজ