প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১১:০৫ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৩:১০ পিএম
স্টিভ জবসের কোটি টাকার পুরোনো স্যান্ডেল জোড়া। ছবি : সংগৃহীত
আপনি নেট দুনিয়ার বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই রিসাইকেল বিন নামটি আপনার কাছে বেশ পরিচিত। পুরোনো, ব্যবহৃত জিনিস এখানে বিক্রি হয়। এক থেকে দুবার ব্যবহৃত জিনিসও বিক্রি হয় কেনা দামের অর্ধেকেরও কমে।
তাহলে কয়েক দশক আগের ব্যবহৃত পুরোনো কোনো স্যান্ডেলের দাম কত হলে আপনি কিনতে চাইবেন বা আদৌ কি কিনতে চাইবেন?
অনেকেই বলবেন, কয়েক দশক আগের স্যান্ডেল এক পয়সাও খরচা করে নিতে চাইবেন না। তবে এরকমই স্যান্ডেল নিলামে বিক্রি হয়েছে দুই লাখ ডলারের বেশি দামে। নিশ্চয়ই জেনে অবাক হয়েছেন? তবে ওই স্যান্ডেল জোড়া কার তা জানলে বদলে যেতে পারে এই ভাবনা।
ওই স্যান্ডেল জোড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘জুলিয়েনস অকশন’ নামে একটি সংস্থা ওই স্যান্ডেল নিলামে তোলে। যেখানে ওই স্যান্ডেলের দাম ওঠে ২ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ২৩ লাখ ১ হাজার ৮৬৮ টাকা।
এনডিটিভি জানিয়েছে, ওই নিলাম ১১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৩ নভেম্বর।
নিলামের আগে অকশন সংস্থাটি পণ্যের বিবরণে জানায়, এটি বাদামি সোয়েড চামড়ার বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের এক জোড়া স্যান্ডেল। ১৯৭০ থেকে ৮০-এর দশকে ওই স্যান্ডেল জোড়া ব্যবহার করেন স্টিভ জবস। যা বেশ পুরোনো এবং অনেক বেশি ব্যবহারের কারণে তার পায়ের ছাপও পড়ে গেছে। ওই স্যান্ডেলের সন্ধান পাওয়া যায় তার বাড়ির সাবেক ব্যবস্থাপক মার্ক শেফের কাছে।
ওই স্যান্ডেল নিলামে তোলার পর ধারণা করা হয়েছিল এর দাম উঠবে অন্তত ৬০ হাজার ডলার। কিন্তু নিলাম শুরুর পরই ভেঙে যায় সে ভুল। সবার ধারণাকে তাক লাগিয়ে দিয়ে এর দাম ছাড়িয়ে যায় ২ লাখ ডলারের বেশি।
‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ জবসের সাবেক স্ত্রী ক্রিস্যান ব্রেনান বলেন, ওই স্যান্ডেল তার সাদামাটা জীবনের অংশ। এগুলো তার স্বতন্ত্র বিষয়।
স্টিভ উজনিয়াককে সঙ্গে নিয়ে ১৯৭৬ সালে ‘অ্যাপল’ প্রতিষ্ঠা করেন স্টিভ জবস। তার এ সংস্থা হয়ে ওঠে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা, যা বদলে দেয় প্রযুক্তির দুনিয়া। ২০১১ সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারে মারা যান স্টিভ।