প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৪ ০০:২৮ এএম
আপডেট : ০২ জুন ২০২৪ ১৩:২১ পিএম
নাক দিয়ে রোমান বর্ণমালা দ্রুত টাইপ করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এক ভারতীয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (জিডব্লিউআর) অনুসারে, ৪৪ বছরের ভিনোদ কুমার চৌধুরী তৃতীয়বারের মতো একই ক্যাটাগরিতে রেকর্ড গড়লেন। প্রতিবারই তিনি আগের রেকর্ড ভাঙার কৃতিত্ব দেখিয়েছেন।
নাক দিয়ে এ থেকে জেড পর্যন্ত টাইপ করতে ২০২৩ সালে ভারতের টাইপিংম্যান খ্যাত ভিনোদ সময় নেন মাত্র ২৭ দশমিক ৮০ সেকেন্ড। একই বছর দ্বিতীয় ধাপে তিনি মাত্র ২৬ দশমিক ৮০ সেকেন্ড সময় ব্যয় করে আগের রেকর্ড ভাঙেন। সবশেষ রেকর্ড গড়তে তিনি সময় নেন মাত্র ২৫ দশমিক ৬৬ সেকেন্ড।
জিডব্লিউআর সামাজিকমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে, নাক দিয়ে দ্রুত রোমান বর্ণমালা টাইপ করছেন ভিনোদ। শুধু তাই নয়, প্রতিটি অক্ষরের মাঝে স্পেসও রাখছেন তিনি। ভিডিওর ক্যাপশনে জিডব্লিউআর লিখেছে, কত দ্রুত নাক দিয়ে স্পেসসহ বর্ণমালা টাইপ করতে পারবেন আপনি।
ভিনোদ কুমার চৌধুরী বলেন, ‘টাইপ করারই আমার পেশা। তাই আমি ভাবলাম, জীবিকার সঙ্গে নিজের কর্মস্পৃহা কাজে লাগিয়ে রেকর্ড করতে পারি। নাক দিয়ে দ্রুত টাইপের পাশাপাশি এক হাতে টাইপ করার রেকর্ডও আমার রয়েছে।’
তিনি আরও বলেন, ‘জীবনে আপনি যত সমস্যার মুখেই পড়েন না কেন, আপনাকে শেষ পর্যন্ত প্যাশনের সঙ্গে লেগে থাকতে হবে।’