× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্বক শীতল রাখতে

নুসরাত খন্দকার

প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৯:৫১ পিএম

ত্বক শীতল রাখতে

রূপচর্চার এমন অনেক খুঁটিনাটি কৌশল রয়েছে, যা সূর্যের তেজ আর গরম বাতাসের অত্যাচার থেকে ত্বক রাখবে সুরক্ষিত।

গ্রীষ্মের শুরুতেই সূর্যের তেজে প্রাণ ওষ্ঠাগত। ত্বকও অবিরাম হাঁসফাঁস করছে। এমন সময়ে ত্বকের একটু আদরযত্ন না করলে চলে! গরমে ত্বকের আরাম একমাত্র পানিতে আর বরফে। রূপচর্চায়, বিশেষত গরমের রূপটানে বরফের পাকাপাকি স্থান। শুধু বরফ নয়, কিছু ক্ষেত্রে খুব কম তাপমাত্রাও বরফের মতোই উপযোগী। লালচেভাব, অ্যাকনে, ইনফ্ল্যামেশন, র‍্যাশ, ত্বকের যে সমস্যার কথাই বলি না কেন, ত্বক শীতল রাখতে বরফ সবকিছুর সহজ সমাধান। তবে এর বাইরেও ত্বক ঠান্ডা ও সতেজ রাখার অন্যান্য উপায় রয়েছে। তেমনই বিভিন্ন ঘরোয়া যত্নের পরামর্শ নিয়ে এবারের প্রতিবেদন-

প্রথমে কিছু সাধারণ পদ্ধতির কথা জেনে নেওয়া যাক। বছরের এ সময়টা ত্বকের যত্নে বরফ ব্যবহার করার জন্য আদর্শ। বরফের যে কত গুণ রয়েছে, তা তো জানেনই! স্কিন আইসিং বা আইস ফেসিয়াল করতে পারেন। বেশিরভাগ পারলারে এ ধরনের ট্রিটমেন্টের সুবিধা পাওয়া যায় আজকাল। আবার চাইলে বাড়িতেও এ ধরনের ফেসিয়াল করতে পারেন। গরমে ত্বকের পক্ষে এর চেয়ে আরামদায়ক আর কিছু নেই।


স্কিন আইসিং

ক্রায়োথেরাপির কথা হয়তো সবাই কমবেশি শুনেছেন। শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে বহু বছর ধরেই ক্রায়োথেরাপি ব্যবহৃত হয়ে আসছে। স্কিন আইসিং মূলত ক্রায়োথেরাপিরই একটি ধরন। তবে এতে লিকুইড নাইট্রোজেনের কোনো ব্যবহার থাকে না। শুধু কয়েক সেকেন্ডের জন্য ত্বক অত্যন্ত কম তাপমাত্রায় এক্সপোজ করা হয়। এতে সরাসরি বরফঠান্ডা উপাদান ব্যবহার করা হয় না। বরং যে যন্ত্র বা ইকুইপমেন্টের সাহায্যে তা ত্বকে অ্যাপ্লাই করা হবে, তা ঠান্ডা করে নেওয়া হয়। আইস ফেসিয়াল আর স্কিন আইসিংয়ের তফাত এখানেই।

স্কিন আইসিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফেসিয়াল ম্যাসাজার বা রোলিং স্টোন, গুয়া-শা ইত্যাদি বরফে রেখে ঠান্ডা করে নেওয়া হয়। তারপর তা দিয়ে ত্বক ম্যাসাজ করা হয়। এর সুবিধা হলো, এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক এক্সফোলিয়েটেড হয়। ফলে ত্বকের সমস্যাও কমে আর মুহূর্তের মধ্যেই দীপ্তি আসে ত্বকে। শুধু রোলিং স্টোন বা ফেস ম্যাসাজারই নয়, চাইলে নিত্য ব্যবহারের শিট মাস্কও ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। মুখের ওপর ১৫-২০ মিনিট ঠান্ডা মাস্ক রেখে তারপর ত্বক ম্যাসাজ করে নিন।

ম্যাসাজ করতে হবে ভেতর থেকে বাইরের দিকে এবং ওপর থেকে নিচের দিকে। এতে ত্বকে জমে থাকা লিঙ্কও বেরিয়ে যাবে। যেহেতু ত্বক বেশ কিছুক্ষণ কম তাপমাত্রার সংস্পর্শে থাকে, তাই এরপর ত্বকের যত্ন নেওয়া জরুরি। স্ক্রাবিংয়ের পর যেভাবে যত্ন নেন, সেভাবে যত্ন নিলেই যথেষ্ট।


আইস ফেসিয়াল

ক্রায়োথেরাপি উপকারী হলেও খুব একটা সহজলভ্য নয়, খরচও বেশি। তাই যারা গরম পড়লেই ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগেন, তারা ক্রায়োথেরাপির সুবিধা না পেলে বিকল্প হিসেবে আইস ফেসিয়াল ট্রাই করতে পারেন। এমনকি চুলের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে স্ক্যাল্পেও আইস ম্যাসাজ করে ভালো ফল পাওয়া যায়। এতে ত্বক তো ঠান্ডা থাকেই, উপরন্তু ত্বকের নিচের ফ্যাট সেলস নষ্ট হয়ে যায় এবং ত্বক টানটান হয়ে ওঠে। পাশাপাশি পার্ফিং, পিগমেন্টেশনের মতো সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। এ ফেসিয়াল করার জন্য সাধারণ আইস কিউব ব্যবহার করতে পারেন। অথবা শসা, অ্যালোভেরা জেল বা গোলাপজল আইস ট্রেতে জমিয়ে তা-ও ব্যবহার করতে পারেন। ফেসিয়াল করার আগে মুখ ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা পরিষ্কার কাপড়ে কয়েকটি আইস কিউব নিয়ে মুড়ে মুখের বিভিন্ন অংশে চেপে ধরে থাকুন কিছু সেকেন্ড। একটু বেশি চাপ দেবেন। চোখের নিচে, গালে, থুতনিতে, কপালে চেপে চেপে বরফের ঠান্ডা বসতে দিন। যে অংশে বেশি অ্যাকনে, ইনফ্ল্যামেশন বা রেডনেসের সমস্যা রয়েছে, সে অংশে বেশি মনোযোগ দিন। মোটামুটি বরফ গলে যাওয়া অবধি এভাবে ম্যাসাজ করুন। এরপর কোনো হালকা নারিশিং জেল লাগিয়ে নিন।

আরেকটি ছোট টিপস ফলো করতে পারেন। আক্ষরিক অর্থে ফেসিয়াল না হলেও ত্বকের আরাম সুনিশ্চিত। রোজকার যত্নের উপাদানগুলো, অর্থাৎ ক্রিম, সেরাম, জেল, টোনার ইত্যাদি বাইরে না রেখে এ ক’মাস ফ্রিজে রাখুন। খেয়াল রাখবেন, যেন প্রোডাক্টে আইস ক্রিস্টালস তৈরি না হয়। এমনভাবে প্রোডাক্ট স্টোর করবেন, যাতে তা বেশ ঠান্ডা থাকে। দিনের শুরুতে এবং শেষে ত্বক পরিষ্কার করে এ ঠান্ডা টোনার স্প্রে করলে বা ঠান্ডা ময়েশ্চারাইজার দিয়ে ত্বক ম্যাসাজ করলে যে আরাম পাবেন, তা বলাই বাহুল্য। চাইলে তেল, লোশন বা মাস্কও ফ্রিজে রাখতে পারেন। তবে তেলের ক্ষেত্রে একটু সাবধান। খুব ঠান্ডা তাপমাত্রা তেল অ্যাবসর্ব হতে বাধা দেয়। ঠান্ডা তেল তাই একটু বেশি সময় ম্যাসাজ করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা