আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা
সাহিদা আক্তার
প্রকাশ : ১২ মে ২০২৪ ১২:৪৯ পিএম
আন্তর্জাতিক রোবোটিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নারী রোবোটিকস দল কোড ব্ল্যাক
ওয়ার্ল্ড সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কমপিটিশন (WSEEC) ২০২৪- এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নারী রোবোটিকস দল কোড ব্ল্যাক। অংশগ্রহণকারী সবাই নারী এবং কাজ করে যাচ্ছেন STEM ক্ষেত্রে নারী ক্ষমতায়নের জন্য।
কোড ব্ল্যাক তাদের নারী সদস্যদের জন্য রোবোটিকস, IoT, আধুনিক প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে নিয়মিতভাবে ওয়ার্কশপ ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে। সংগঠনের সদস্যরা নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, রুয়েট, পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের STEM ক্ষেত্রের শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের দলনেত্রী হিসেবে নেতৃত্ব প্রদান করছেন জান্নাতুল ফেরদৌস ফাবিন।
এ ছাড়া অন্যান্য দায়িত্বে রয়েছেন : টিম ম্যানেজমেন্টÑনুসরাত জাহান সিনহা, হার্ডওয়্যার- নুসরাত জাহান নওরিন, সফটওয়্যারÑসানিয়া ইসলাম সারা, প্রজেক্ট ম্যানেজারÑতাহিয়া রহমান। কোড ব্ল্যাক সদস্যরা ইতঃপূর্বে বিভিন্ন আন্তর্জাতিক রোবোটিকস ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফেস্ট ২০২২-এ গোল্ড মেডেল এবং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২ ও ২০১৯-এ ব্রোঞ্জপদক লাভ করেন দলের সদস্যরা। WSEEC ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ থেকে ১৮ মে, ইন্দোনেশিয়ার জাকার্তায়।
আন্তর্জাতিক এ রোবোটিক প্রতিযোগিতায় বিশ্বব্যাপী তরুণ উদ্ভাবকদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করার জন্য আহ্বান জানানো হয়। Code Black প্রযুক্তি বিভাগে তাদের উদ্ভাবন ‘প্রহরী’ নিয়ে অংশ নিতে যাচ্ছে। প্রহরী একটি আধুনিক রেসকিউ রোবট যা দুর্যোগকালে সাড়া প্রদান এবং সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন পরিচালনা করতে সক্ষম। রোবটটিতে যোগ করা হয়েছে ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বেশ কিছু বৈশিষ্ট্য; যা রেসকিউ মিশনগুলোয় অপরিহার্য ভূমিকা পালন করবে বলে কোড ব্ল্যাকের বিশ্বাস।