× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার মা

মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১২:০৯ পিএম

আপডেট : ০৯ মে ২০২৪ ১২:১৯ পিএম

আয়েশা ফয়েজের প্রতিকৃতিটি এঁকেছে নাফিস শাহরিয়ার নিশাত। সে বগুড়ার বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী

আয়েশা ফয়েজের প্রতিকৃতিটি এঁকেছে নাফিস শাহরিয়ার নিশাত। সে বগুড়ার বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী

আমার মা একজন অসাধারণ মহিলা ছিলেন। কতটুকু অসাধারণ ছিলেন সেটা বুঝেছিলাম একাত্তর সালে। আমাদের বাবাকে পাকিস্তান মিলিটারি মেরে ফেলার পর একেবারে আক্ষরিক অর্থে থাকার মতো কোনো জায়গা ছিল না। মাথার ওপর ছাদ বলতে ছিল আকাশ! যাই হোক, আমরা ভাই-বোন তখন একটু বড় হয়েছি, কিন্তু পৃথিবীর বাস্তব অভিজ্ঞতা বিন্দুমাত্র নেই, সেই অবস্থায় আমার মা পুরো পরিবারটাকে ধরে রেখেছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান মিলিটারি আর কাউকে ধরে নিয়ে মেরে ফেলবে- সেই আশঙ্কা থেকে মুক্তি পেলাম, কিন্তু আবিষ্কার করলাম জীবন খুব কঠিন। কেউ শুনলে বিশ্বাস করবে না, এমন দিনও গেছে যখন আমরা জানি না রাতে কী খাব! একটা সময় গিয়েছে যখন বাসায় একটা মাত্র শার্ট, বড় ভাই সেটা পরে বাইরে থেকে ফিরে এলে আমি সেটা পরে বের হই! যাই হোক সেই সময়ের একটা কথা বলি।

পয়সা বাঁচানোর জন্য বাস বা রিকশায় না উঠে অনেক সময়ই কার্জন হল থেকে হেঁটে হেঁটে কলেজ গেটে বাসায় যেতাম। মাঝপথে বলাকা সিনেমা হলের বিল্ডিংয়ের নিচতলায় একটা বইয়ের দোকানে ঢু মেরে যেতাম। বই কেনার পয়সা নেই, দেখেই আনন্দ। সেভাবে একদিন ঢু মেরে আবিষ্কার করলাম সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুরো লেখালেখি নিয়ে ‘মানিক গ্রন্থাবলী’ এসেছে। পূর্ণেন্দু পত্রীর আঁকা অসাধারণ প্রচ্ছদÑ সব মিলিয়ে হয়তো মোটামুটি বিশটি বই। বই দেখে জিবে পানি আসার যদি কোনো ব্যাপার থাকে, তাহলে আমার সেই অবস্থা হলো। সব মিলিয়ে দাম তিনশ টাকা (সেই সময় তিনশ টাকা অ-নে-ক টাকা)। আমাদের যে অবস্থা এই গ্রন্থাবলি কেনার কোনো প্রশ্নই আসে না। বইগুলোতে পরম মমতায় এবং অনেক লোভে হাত বুলিয়ে হেঁটে হেঁটে বাসায় এসেছি।

ডাইনিং টেবিলে খেতে বসে আমি ভাইবোনদের সেই অবিশ্বাস্য ‘মানিক গ্রন্থবলী’-এর গল্প করি। বইগুলো কত সুন্দর, সেটা বলতে গিয়ে আমার নিশ্বাস বন্ধ হয়ে যায়! আমরা সবাই জানি এগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে। দূর থেকে দেখেই আনন্দ। 

মা আমার উচ্ছ্বাসটুকু দেখলেন, তারপর জিজ্ঞেস করলেন, দাম কত? আমি বললাম, তিনশ টাকা। আমার মা তিনশ টাকা বের করে দিয়ে বললেন, যা কিনে নিয়ে আয়।

আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। এই তিনশ টাকা কোথা থেকে এসেছে, যখন আক্ষরিক অর্থে খাওয়া-পরার টাকা নেই, তখন এই বিলাসিতা করা কতটুকু যুক্তিযুক্তÑ সেসব কিছুই জিজ্ঞেস করলাম না। ছোঁ মেরে টাকা নিয়ে বের হয়ে গেলাম। বুকের ভেতর আতঙ্ক যদি গিয়ে দেখি বইগুলো বিক্রি হয়ে গেছে, তখন কী হবে? 

বইয়ের দোকানে গিয়ে দেখলাম ‘মানিক গ্রন্থাবলী’ তখনও বিক্রি হয়ে যায়নি। আমি সেগুলো কিনে ঘাড়ে করে বাসায় ফিরে এলাম। আনন্দ! কী আনন্দ! সারা বাসায় সবার ভেতরে আনন্দ! আমার মা এভাবে আমাদের খুব কঠিন একটা জীবনকে আনন্দ দিয়ে ভরে রেখেছিলেন!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা