আবেদীন জনী
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৫ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৬ পিএম
আলাভোলা
আবেদীন জনী
আলাভোলা নাজমুল
করে রোজ কাজ ভুল।
মায় বলে, এই ধর
জামাটা ভাঁজ কর
কাজটা কি হিবিজিবি
হয়ে যায় ভাঁজ ভুল।
বাপে বলে, হাতি আঁক
এঁকে দেয় কালো কাক
মায় বলে, খুব ভালো-
যা খুশি তা এঁকে যাক।
বাসা থেকে বের হয়
ইশকুলে যাবে বলে
ভুল পথে হেঁটে হেঁটে
যায় সোজা হাটে চলে।
ভুলটুল করে করে
বড় হলো নাজমুল
সব কাজ শিখে গেল
হয় না তো আর ভুল।

দুষ্টু ফড়িং
অজিতা মিত্র
ফড়িংয়ের পিছে ছুটে
চলে নীলকান্ত
ধরতেই পারে না সে
হয় শুধু ক্লান্ত!
খিকখিক হেসে ওঠে
ভাই মণিকান্ত
ফড়িং না ধরতেই
হয়ে গেল ক্লান্ত!
নীল বলে, হাসি রেখে
তুই ধরে আন তো...
মণি তাই ছুটে ছুটে
দেয় শেষে ক্ষান্ত...
কেঁদে বলে, ফড়িংয়েরা
থাকে নাকি শান্ত?
এত বেশি চঞ্চল
দুষ্ট কে জানত!