× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীত-পাখির ছড়া

কী অপরূপ লাগে

জাহাঙ্গীর আলম জাহান

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৯ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৩ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

শীতকাল মানে কুয়াশার চাদরে ঢাকা গ্রাম। শর্ষেক্ষেতের মাঠ পেরিয়ে শুকিয়ে যাওয়া বিল। আর আকাশজুড়ে নানা রঙের পাখির ওড়াউড়ি। কিছু দুষ্টু লোক চেষ্টা করে ওদের ধরতে। আমরা কিন্তু পাখিগুলো কখনোই ধরব না। পাখিগুলো আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। চলো, শীতের এই সকালে পাখি, প্রকৃতি দেখতে দেখতে মজার ছড়াগুলো পড়ে ফেলি…


কী অপরূপ লাগে

জাহাঙ্গীর আলম জাহান

গাছের ডালে দেশি পাখি

দেখি না আর বেশি পাখি

শীত পড়েছে জবর

কেউ জানে না পরিযায়ী

সাইবেরিয়ার খবর।


সাইবেরিয়ার পাখিগুলো

শীত ঋতুতে আসে

খালে-বিলে-নদীর বুকে

স্বাধীন মনেই ভাসে।


ওই পাখিদের ঘোরাঘুরি

আকাশজুড়ে ওড়াউড়ি

কি অপরূপ লাগে

শীতের পাখি জেগে ওঠে

সূর্য ওঠার আগে।


আমার কেন উড়তে মানা?

আমীরুল ইসলাম


পাখি তোমার দুইটা ঠ্যাং

দুইটা ডানা।

আমার তো তাই দুইটা ঠ্যাং

দুইটা হাত।


আমার কেন উড়তে মানা?

পাখি ওড়ে কি সুন্দর!

বিশাল আকাশ পাখির জন্য

আমার ছোট্ট ফ্ল্যাট।

পাখির তো নেই নিষেধ বারণ

আমার কেন উড়তে মানা?


মাছরাঙা ও চুনোপুঁটি

নকুল শর্ম্মা


মাছরাঙাটা বসে থাকে

পুঁটি ধরার ছলে,

চুনোপুঁটির দেখা পেলেই

ঝাঁপ মারে সে জলে।


পুকুরপারে ঝোঁপের পাশে

চুপটি করে থাকে,

চুনোপুঁটি উঠলে ভেসে

সাবাড় করে তাকে।


ভয়ে ভয়ে চুনোপুঁটি

জীবন নিয়ে বাঁচে,

বিহিত খুঁজতে পুঁটি গেল

বোয়াল মাছের কাছে।


নালিশ করে চুনোপুঁটি

শোনো বোয়াল ভাই,

তোমার কাছে ভালো একটা

বিচার আমরা চাই।


বোয়াল বলে যা রে তোরা

থাকরে সবাই মিলে,

এবার এলে মাছরাঙাটা

খাব আমি গিলে।


শীতের পাখি

শিবুকান্তি দাশ


একটি পাখি সবুজবরণ

একটি পাখি কালো

একটি পাখি গান গেয়ে যায়

শুনতে লাগে ভালো।


ঝিলের ধারে বিলের মাঝে

ঝাঁকে ঝাঁকে উড়ছে পাখি

মায়ায় ভরা রঙিন ডানায়

স্বপ্ন বোনে তাদের আঁখি।


কেউ মেরো না ওদের গুলি

যেও না কেউ আইনকে ভুলি

মারলে পাখি জরিমানা

জেলহাজতে থাকবে ঝুলি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা