প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৪:৪৯ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৫:৫২ পিএম
বিয়ে একজন মানুষের জীবন বদলে দেয়। কিন্তু সেই বদলটা ইতিবাচক হবে কি না তা নির্ভর করে পারিপার্শিক কিছু বিষয়ের উপর। সঠিক বিয়ে হলে সেটা হবে আশীর্বাদ। কিন্তু গরমিল হলেই হবে হিতে বিপরীত। তাই বিয়ের আগেই নিতে হবে মানসিক প্রস্তুতি। দেখে নিন কি বলেছেন লাইফস্পিংয়ের সাইক্রিয়াটিস্ট ডা. সাঈদুল আশরাফ কুশল।
পরিকল্পনা করতে হবে
বিয়ে করার সময় বেশি মনোযোগ থাকে আনুষ্ঠানিকতার দিকে। বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, গায়েহলুদে কী করা হবে, বউভাতে খাবারের আয়োজন কেমন হবেÑএ নিয়ে চলে সব ভাবনা। কিন্তু এর চেয়েও জরুরি দাম্পত্যজীবনের পরিকল্পনা করা। বিয়ের পর থাকবেন কোথায়, অর্থ উপার্জন, ব্যয়, সঞ্চয়, সন্তান কবে হবে বা কতটি নেবেন বিয়ের আগেই এসব পরিকল্পনা সেরে নিন।
মা-বাবার পরিকল্পনা মিলিয়ে নিন
বিয়ে নিয়ে সবারই নানা পরিকল্পনা থাকে, তা বিয়ের আয়োজন ও বিয়েপরবর্তী নতুন জীবন নিয়ে। সেসব নিয়ে আপনার মা-বাবারও নিশ্চয় পরিকল্পনা আছে। কাজেই সেগুলো নিয়ে আগে থেকেই আলাপ সেরে নিন।
পারস্পরিক বোঝাপড়ার প্রস্তুতি নিন
প্রণয় থেকেই পরিণয় হোক বা ঘটকালিতে- বিয়ে মানে দুজন মানুষ সারা জীবনের জন্য মিলিত হওয়া। তাই পরস্পরকে কত দিন ধরে চেনেন সেদিকে নজর দিন। বেশিদিন না হলে নিজেদের মধ্যে বোঝাপড়া নিয়ে আরও কাজ করার মানসিক প্রস্তুতি গ্রহণ করুন। যেন ভবিষ্যতে ভুল বোঝাবুঝির পরিমাণ কম হয়। দাম্পত্যে সমস্যা বা ঝগড়া হবেই, তা সমাধানের জন্য আগে থেকেই প্রস্তুতি রাখুন।
সম্পর্কের সীমারেখা জানুন
বিয়ের আগে থেকেই জেনে নিন নিজেদের সম্পর্কের সীমারেখা। এ ক্ষেত্রে দুজন পরস্পরকে সাহায্য করতে পারেন। নিজেদের সবল ও দুর্বল দিকগুলো জানিয়ে সে সম্পর্কে সাবধান করে দিন। পরিষ্কার করে রাখুন কার কোন প্রবণতা আছে। কে মানসিক চাপে কী করতে পারেন।
পরস্পরকে ভালোভাবে জানুন
সফল দাম্পত্যজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার পরস্পরকে জানা। যখন দুজন পরস্পরকে ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন, তখনই দাম্পত্য সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে।
বিয়ের মর্মার্থ বোঝা
বিয়ে সব সময় রোমান্সের জন্য করা হয় না। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ব্যাপারটা একটু ভিন্ন হয়ে গেছে। তাই বিয়ের আগে এর মর্মার্থ বুঝতে হবে। একটা বিয়েতে অনেক কিছু নির্ভর করে। প্রতিটি মানুষের মানসিক ও শারীরিক চাহিদা আছে। যেটা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক ছাড়া সম্ভব না।