আজহার মাহমুদ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৩:১৮ পিএম
রাজমুকুট মাথায় রিকশা চালান আবুল কালাম মোল্লা
রাজধানীর সড়কে ১২ লাখের কাছাকাছি রিকশা নিয়মিত চলাচল করছে। কপাল ভালো হলে এতসব রিকশার মধ্য থেকে একটি ব্যতিক্রমী রিকশা খুঁজে পেতে পারেন আপনিও। রিকশা না, পাওয়া যাবে একজন রিকশাচালককে। নাম তার আবুল কালাম মোল্লা।
আবুল কালাম মোল্লাকে খুঁজে পাওয়ার কারণ হচ্ছে, তার মাথায় থাকে বিশাল বড় এক রাজমুকুট। রাজধানীর ব্যস্ত সড়কে এ রাজমুকুট মাথায় দিয়ে তিনি রিকশা চালান। যদিও দেখে বোঝার কোনো উপায় না থাকলেও বয়স তার ৭২ বছর। এ বয়সেও রিকশা চালান বেশ স্বচ্ছন্দে।
মজার বিষয় হচ্ছে, রাজমুকুটটি খুব হালকা কিছু নয়, ওজন প্রায় ৫ কেজি। ভাবুন তো! আপনার মাথায় সারা দিন ৫ কেজি ওজনের কিছু ঘণ্টার পর ঘণ্টা থাকলে কেমন লাগবে! কিন্তু আবুল কালাম মোল্লার কাছে বেশ ভালো লাগে এ মুকুটটি মাথায় রাখতে। দীর্ঘ ৫০ বছর রিকশা চালান তিনি। প্রতিদিনই ৫ কেজি ওজনের মুকুটটি মাথায় থাকে।
এত ওজনের মুকুট মাথায় রাখতে কোনো সমস্যা হয় কি না? আবুল কালাম মোল্লা বলেন, ‘এ ৫০ বছরে কোনো দিনই রাজমুকুট ছাড়া রিকশা চালাইতে বের হই নাই। প্রতিদিন এটা আমার মাথায় থাকে। এটা আমার মাথায় রাখতে কোনো অসুবিধা হয় না।’
আবুল কালাম মোল্লা আরও জানান, এ রাজমুকুট মাথায় দিয়ে রিকশা চালাতে তার যেমন ভালো লাগে তেমন আয়ও ভালো হয়। অনেকেই পছন্দ করে তাকে নানান উপহার দিয়ে থাকেন।
-65b4adffd6e53.jpeg)
বর্তমানে যে রিকশাটি আবুল কালাম চালান সেটিও এক ভদ্রলোক খুশি হয়ে তাকে উপহার দিয়েছেন। এ ছাড়া ঘড়ি, টাকাসহ নানা উপহার পেয়ে থাকেন ব্যতিক্রমী এই রিকশাচালক।
প্রতিদিন এভাবে রিকশা চালিয়ে আবুল কালাম আয় করেন ৩০০ থেকে ১ হাজার টাকা। বলেন, ‘যা রোজগার করি তাতেই বেশ ভালো আছি।’ তিন মেয়ে এক ছেলের সংসারে আবুল কালাম মোল্লা এখন শুধু স্ত্রীকে নিয়েই রাজধানীর মিরপুরে ছোট্ট একটি ঘরে থাকেন। সন্তানরা বিয়ে করে যার যার মতো সুখে আছেন বলে জানান তিনি।
আবুল কালাম মোল্লার চাওয়ার কিছু নেই। তিনি স্বাধীনভাবে এ মুকুট মাথায় দিয়ে রিকশা চালিয়ে যা আয় করেন তাতেই তার চলে যায়। এর বেশি কিছু আশা করেন না বলে জানান।