× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গায়ে হলুদের সাজে

আজ কন্যার গায়েহলুদ

শাহিনা নদী

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:০৮ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:২৩ পিএম

ছবি : সাজ্জাদ সাজু

ছবি : সাজ্জাদ সাজু

গায়েহলুদ মানেই রঙের ছড়াছড়ি। সেই সঙ্গে কাঁচা ফুল আর কাঁচা হলুদের স্নিগ্ধ ঘ্রাণ। বিয়ের আগে বরকনের গায়ে কাঁচা হলুদ বাটা ছোঁয়ানোর ঐতিহ্য বেশ পুরোনো। বিশেষ এই দিনে পোশাক ও সাজসজ্জা নিয়ে দেখুন প্রচ্ছদ আয়োজন 

ছবি : সাজ্জাদ সাজু 

‘হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ের সাজে সাজবে কন্যা নরম সরম বৌ।...’ বাঙালি সংস্কৃতিতে বিয়ের আগে বরকনের গায়ে কাঁচা হলুদ বাটা ছোঁয়ানোর ঐতিহ্য বেশ পুরোনো। এখনও অনেকে গায়েহলুদ ছাড়া বিয়ে কল্পনাও করতে পারে না। সেজন্যই মূলত গায়েহলুদকে বিয়ের অপরিহার্য রীতি ধরা হয়। আগে বিয়ের দিন সকালে বরকনের গায়ে হলুদ লাগিয়ে গোসল করানো হতো। তবে বর্তমানে বেশিরভাগ হলুদের অনুষ্ঠান বিয়ের আগের দিন উদ্‌যাপন করা হয়। কোনো কোনো ক্ষেত্রে বিয়ের দিনও গায়েহলুদ হয়। গায়েহলুদ মানেই রঙের ছড়াছড়ি, সেই সঙ্গে কাঁচা ফুল আর কাঁচা হলুদের স্নিগ্ধ ঘ্রাণ।

ছবি : সাজ্জাদ সাজু 

গায়েহলুদের পোশাক

আগেকার দিনের গায়েহলুদ মানেই ছিল লাল পাঁড় হলুদ শাড়ির সঙ্গে গাঁদা ফুলের মালা। তবে বর্তমানে হলুদের অনুষ্ঠানে হলুদ রঙের পাশাপাশি রঙবেরঙের পোশাক পরতে দেখা যায়। কেবল শাড়িই নয়, অনেকে হলুদের জন্য বেছে নেন লেহেঙ্গা কিংবা গাউন। যেহেতু হলুদের প্রোগ্রাম সেজন্য হলুদ রঙ প্রাধান্য দিয়ে এর সঙ্গে নতুনত্ব আনতে লাল, খয়েরি, মেরুন, সবুজ, গোলাপি, মিষ্টি ইত্যাদি হালকা রঙের সংমিশ্রণ দেখা যায়। প্রতিনিয়ত গায়েহলুদের অনুষ্ঠানে শাড়ির পাশাপাশি লেহেঙ্গা কিংবা গাউনের প্রচলন বাড়ছে। শাড়ি পরার ক্ষেত্রে এসেছে ভিন্নতা। কেবল আটপৌরে নয়, কুঁচি দিয়েও শাড়ি পরছে অনেকে। এ ছাড়া দুটি শাড়ি দিয়ে লেহেঙ্গা বানিয়েও পরে। স্টাইলিশ লুকের জন্য শাড়ির সঙ্গে মিলিয়ে একটি স্টাইলিশ ব্লাউজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য ব্লাউজের ডিজাইনে এসেছে ভিন্নতা। কারণ ব্লাউজের সঠিক কাটিং প্যাটার্নের কারণে সাধারণ শাড়িতেও হয়ে উঠতে পারেন অনন্য। শোল্ডার, নেক, স্লিভ, ব্যাক, বটমসহ ব্লাউজের সব অংশের কাটিং সব ধরনের দেহে মানায় না। তাই দেহকাঠামোর ওপর ভিত্তি করে ব্লাউজের কাটিং প্যাটার্ন নির্বাচন করুন। সে ক্ষেত্রে ব্লাউজের ভিন্নতা আনা যেতে পারে ফেব্রিকস, নকশা বা কাটের যেকোনোটি দিয়ে। যেহেতু শীতের মৌসুম চলছে সেজন্য ফেব্রিকসের ক্ষেত্রে একটু ভারী ফেব্রিকস যেমন ভেলভেট, তসরসিল্ক, বারকোড ইত্যাদি বেছে নিন। এ ছাড়া ভয়েল, শিফন বা জর্জেট, ক্রেপ বা শার্টিনের মতো হালকা ধরনের ফেব্রিকসও বেছে নিতে পারেন ব্লাউজের জন্য। এ ছাড়া গায়েহলুদে হালকা কাজের এমব্রয়ডারি ব্লাউজ জমকালো ভাব আনবে। সেই সঙ্গে তাঁত, সিল্ক, নেট বা জর্জেট শাড়ির সঙ্গে মিলিয়ে ইচ্ছামতো বেছে নিতে পারেন।

ছবি : সাজ্জাদ সাজু 

আজকাল গায়েহলুদের প্রোগ্রামে বরকনে উভয়েই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পরিবারের সবাই মিলে একই রঙের পোশাক পরে। কেবল মেয়েরাই নয়, গায়েহলুদ কেন্দ্র করে ছেলেদেরও আগ্রহের কমতি নেই। এদিন বেশিরভাগ ছেলে পাঞ্জাবি ও পাজামা পরে। অনেককে আবার দেখা যায় পাঞ্জাবির সঙ্গে কন্ট্রাস্ট করে কোটি পরতে। রঙের ক্ষেত্রে হলুদ ছাড়াও ছেলেরা লেমন, বাসন্তী, অফ হোয়াইট ইত্যাদি উজ্জ্বল রঙ বাছাই করে।

ছবি : সাজ্জাদ সাজু 

হলুদবরণ কন্যা

গায়েহলুদ সাধারণত বিয়ের আগের দিন সন্ধ্যায় অথবা বিয়ের দিন সকালে হয়। সেজন্য গায়েহলুদের মেকআপ হালকা হওয়াই ভালো। তা ছাড়া বর্তমানে তরুণীদের ন্যাচারাল মেকআপ লুকের প্রতি আকর্ষণ বেড়েছে। এর মধ্যে আবার অনেকে পছন্দ করছে নো মেকআপ লুক। পারলারে গিয়ে বিশেষ এই দিনে মেকআপ নেয় বেশিরভাগ মানুষ। অনেকে আবার নিজেই মেকআপ করেন। মেকআপ যেখানেই করুন না কেন নিজের পছন্দ, পোশাকের সঙ্গে মানানসই হয় এমন মেকওভার বেছে নিন। বিউটিশিয়ানকে আগে থেকেই নিজের পছন্দ এবং কেমন সাজ চাইছেন জানিয়ে দিন। যাতে বিশেষ দিনের সাজটা কোনোভাবেই নষ্ট না হয়।  

ছবি : সাজ্জাদ সাজু 

চুলের সাজ

গায়েহলুদে চুলের স্টাইল কেমন হবে তা নির্ভর করে পোশাকের ওপর। কারণ একেক পোশাকের সঙ্গে একেক ধরনের চুলের স্টাইল মানানসই হয়। গায়েহলুদের পোশাকটি যদি হয় শাড়ি তাহলে চুলে খোঁপা করলে বেশ মানাবে। অথবা চুল সামনের দিকে পাফ করে পেছনে বেণি করে রাখা যেতে পারে। সে ক্ষেত্রে বেণিতে টার্সেল কিংবা কাঁচা ফুল জড়িয়ে রাখলে বেশ ক্যাজুয়াল লাগবে। অন্যদিকে লেহেঙ্গার সঙ্গে খোঁপা কিংবা বেণি না করে চুল খোলা রেখে মাঝখানে সিঁথি করে একটু পেছন দিকে পাফ করে রাখলেও বেশ ভালো লাগবে। পেছনের চুলগুলো কার্ল করে তাজা ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন।

মডেল : সাদিয়া; ছবি : সাজ্জাদ সাজু 

ফুলের গয়না
যেকোনো সাজের সঙ্গে গয়না না পরলে সাজটি কেমন যেন অসম্পূর্ণ রয়ে যায়। সেজন্য গায়েহলুদের সাজে গয়না খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গায়েহলুদ মানেই কিন্তু কাঁচা ফুলের সমাচার। বাজারে গায়েহলুদের জন্য গোলাপ, গাঁদা, রজনিগন্ধা, ক্রিসেনথিমাস, অর্কিড ছাড়াও বিভিন্ন রকমের কাঁচা ফুলের গয়না পাওয়া যায়। আধুনিকতার এই যুগেও গায়েহলুদে কাঁচা ফুলের তৈরি গয়নার কদর এতটুকুও কমেনি। বিশেষ করে দুপুরের হলুদের অনুষ্ঠানে কাঁচা ফুলের গয়নার ব্যবহার সব সময় করা হয়। অনেকে সন্ধ্যাহলুদেও কাঁচা ফুলের তৈরি গয়না পরেন।
ছবি : সাজ্জাদ সাজু 
আগেকার দিনে গায়েহলুদ মানেই ছিল হলুদ বা কমলা রঙের গাঁদা ফুল এবং সঙ্গে গোলাপের তৈরি গয়না। তবে গাঁদা ফুলের পাশাপাশি এখন নানা ধরনের তাজা ফুল দিয়ে তৈরি গয়না কনের সাজে দেয় পরিপূর্ণতা। কাঁচা ফুলের রঙের ক্ষেত্রে সাদা, সবুজ, বেগুনি, গোলাপি ও লালকে প্রাধান্য দেওয়া হয়। আজকাল কৃত্রিম ফুলের গয়নাও দেখা যায় কনেদের পরতে। কাঁচা ফুল ছাড়াও এখনকার সময়ে হলুদের গয়না তৈরিতে ব্যবহার করা হচ্ছে মুক্তা, ক্রিস্টাল, পাথর আর বিভিন্ন ধরনের পুঁতি। হাত ভর্তি কাচের চুড়িও হলুদের সাজে আনতে পারে ভিন্নতা। এ ছাড়া কানের দুল, মাথার টায়রা, টিকলি, রতনচুড়, আংটিসহ চেইন দিয়ে সংযুক্ত পায়ের অ্যাংকলেট, গলার বিভিন্ন ধরনের মালা, সীতাহার তো আছেই। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা