প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৩১ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৩৮ পিএম
হলুদের অনুষ্ঠানে বরকনের সামনে সজ্জিত থাকে নানা ধরনের সুস্বাদু খাবার। বর্ণিল পিঠা, পায়েস, মিষ্টি, ফল, কেক দিয়ে সাজিয়ে তোলা হয় মঞ্চ
বিয়ের সব অনুষ্ঠানেই নজর থাকে আকর্ষণীয় সব খাবারে। হলুদের অনুষ্ঠানে মুখরোচক এসব খাবার দিয়ে সাজাতে পারেন-
স্বাদের পায়েস
হলুদের অনুষ্ঠানে পায়েস রাখার চল অনেক আগে থেকেই। বড় থালায় পায়েসের ওপর কিশমিশ দিয়ে লেখা হয় ‘আজ গায়েহলুদ’। কিশমিশ বাদ দিয়ে চেরি, আঙুর বা বেদানা দিয়েও এ নকশা করা হয়।
বর্ণিল পিঠা
বিয়ের মতো বড় আনন্দ উৎসব পিঠাহীন যেন ভাবাই যায় না। হলুদের মঞ্চ কিংবা বরের সাগরানাÑ পিঠা থাকা চাই-ই। বাঙালির ঐতিহ্যবাহী নানান পিঠার মধ্যে বিয়েতে বেশি প্রাধান্য পায় নকশি পিঠা, গোলাপ পিঠা, বিবিখানা পিঠা, পাটিসাপটা পিঠা ইত্যাদি। আগেকার দিনে অনুষ্ঠানের আগে বিয়েবাড়িতে নানি-দাদি, খালা-ফুপুরা মিলে নানা ধরনের পিঠা বানানোর তোড়জোড় করতেন। বর্তমানেও চলে অনেক জায়গায়। তবে এখন অনেক এলাকায় বা অনলাইনে বর্ণিল এসব পিঠা কিনতে পাওয়া যায়।

বাহারি কেক
হলুদের অনুষ্ঠানে কেক বাড়তি সৌন্দর্য যোগ করে। আগে এ অনুষ্ঠানে কেক রাখার প্রচলন থাকলেও কিছুদিন ধরে বিয়ের থিমে তৈরি হচ্ছে কেক। থিম কেক বর্তমানে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। কেকের ওপর পালকি, বিয়ের শাড়ি-চুড়ি এমনকি বরকনের আদলে নকশাও থাকে। আবার বিভিন্ন রঙের মিশ্রণে লতা-পাতা-ফুল নকশা করেও তৈরি হচ্ছে কেক।
ফলের বাহার
ফল দিয়ে হলুদে নানা ধরনের ডেকোরেশন করা হয়। পেঁপের ওপর টুথপিক দিয়ে নানা রঙের আঙুর, চেরি দিয়ে সাজানো হয়। এ ছাড়া তরমুজ, আনারস কেটে ঝুড়ির মতো আকৃতি করে হলুদমঞ্চ সাজালে দেখতে অনেক সুন্দর লাগে। কমলা, আপেল দিয়েও নানা ধরনের ডেকোরেশন করা হয়।
মিষ্টি
হলুদের খাবারের মধ্যে বরকনের সামনে রাখা হয় নানা ধরনের মিষ্টি। বাড়িতে বানানো নানা আকৃতির সন্দেশের পাশাপাশি স্থান পায় দোকানের বাহারি মিষ্টি।