প্রচ্ছদ
জেসমিন ইসলাম
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১২:৩৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম
মডেল : আয়েশা ও শাকিল; পোশাক : টুয়েলভ ক্লদিং; মেকআপ : বিন্দিয়া; ছবি : ফারহান ফয়সাল
ফ্যাশনপ্রেমীরা শীতে পোশাক হিসেবে সঙ্গী করে নিয়েছে হুডিকে। জেন্ডার নিউট্রাল হওয়ায় এ পোশাক এখন সর্বজনীন। শীতের স্মার্ট ও স্টাইলিশ পোশাকের মধ্যে অন্যতম জনপ্রিয় এটি। কেননা হুডি পরলে নেই বাড়তি কানটুপি পরার ঝামেলা, অন্যদিকে দেখতেও সুন্দর এবং স্টাইলিশ

বর্তমানে সব বয়সের মানুষের কাছেই জনপ্রিয়তা পেয়েছে হুডি। তবে ফ্যাশনসচেতন তরুণ-তরুণীর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এটি। প্রতি বছর নিত্যনতুন ফ্যাশনেবল শীত পোশাক সংযোজন হলেও হুডির জনপ্রিয়তার কোনো কমতি নেই; বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে হুডি সবার পছন্দের তালিকায় অন্যতম। যুগের সঙ্গে তাল মিলিয়ে এর ডিজাইন ও প্যাটার্নে এসেছে বৈচিত্র্য।

হুডি পোশাকটি আসলে সোয়েটশার্ট থেকে এসেছে। পুলওভার ও জিপ স্টাইল ছাড়াও হুডির রয়েছে বেশ কয়েক ধরনের ডিজাইন। আবার বড় আকারের পকেট হুডি সিগনেচার স্টাইলে পরিণত হয়েছে। সত্তরের দশকের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হিপ-হপ কালচারের প্রচলন হয়। সে সময়ের তরুণরা ভিন্নধর্মী এ পোশাক দারুণভাবে গ্রহণ করেছিল। আর নব্বইয়ের দশকে ফ্যাশনজগতে সাড়া ফেলে দেয় হুডি নামের পোশাকটি।
এ সময়ের হুডিতে উল, ডেনিমের মতো মোটা ও ভারী ফেব্রিক ব্যবহার করা হয়। পুলওভার হুডি, জিপ-আপ হুডি, ফিটেড হুডি, কালার ব্লক হুডি, রেগুলার হুডি, স্লিভলেস হুডি, ক্রপড হুডি, ওভারসাইজড হুডি, অ্যাথলেটিক হুডি সবই এখন আছে ট্রেন্ডের শীর্ষে।

মেয়েদের ফ্যাশনে হুডি
মেয়েদের মধ্যেও রয়েছে হুডির জনপ্রিয়তা। কলেজ, ইউনিভার্সিটিসহ যেকোনো জায়গায় হুডি পরে সহজেই চলাচল করা যায় এবং অন্যান্য শীত পোশাকের মতো ক্যারি করার বাড়তি কোনো ঝামেলা নেই। হুডির সবচেয়ে বড় সুবিধা এটি জিন্স, সালোয়ার-কামিজসহ যেকোনো পোশাকে মানিয়ে যায়। এসব কারণেই হুডির প্রতি তরুণীদের আগ্রহটা একটু বেশিই। মেয়েদের জন্য করা হচ্ছে নানা কাটের টপ। সঙ্গে থাকছে হুড। মেয়েদের সুতি, জর্জেট কাপড়ের পোশাকের সঙ্গেও হয়েছে হুডির সংযোজন। এসেছে নানা রঙের স্ট্রাইপ দেওয়া হুডি টপ। মেয়েরা ডেনিম প্যান্ট ও স্কার্টের সঙ্গে হুডি পরতে পারেন। তা ছাড়া লেগিংস প্যান্ট ও সব ধরনের জিন্স প্যান্টের সঙ্গেও হুডি বেশ মানানসই।
সারা দিন শাল বা ভারী সোয়েটার সামলানোটা বেশ বিরক্তিকর। সে ক্ষেত্রে হুডি খুব আরামদায়ক ও ঝামেলাহীন পোশাক। মেয়েদের হুডিগুলো সাধারণত উজ্জ্বল রঙের হয়। হলুদ, গোলাপি, বেগুনি, নীল, লাল, কালো ইত্যাদি। এ ছাড়া প্রিন্টেড হুডি, সামনে রঙিন কার্টন, বার্বির ছবি আঁকা হুডিও পাওয়া যায়। নিট কাপড়ের হুডিগুলো টি-শার্টের মতো পাতলা হওয়ায় দিনের অল্প শীতে বেশ আরামদায়ক। মেয়েদের হুডির কাটছাঁটে বৈচিত্র্য আরও বেশি। কটি, টি-শার্ট, টু ইন ওয়ান হুডি এমনকি টপস স্টাইলের হুডিরও দেখা মেলে। এসব হুডিতে ব্যবহার করা হয় বৈচিত্র্যময় বোতাম, স্টিকার, এমব্রয়ডারি।

ছেলেদের নিত্যসঙ্গী
ছেলেদের ফ্যাশনে হুডি একটি জনপ্রিয় পোশাক। কমফোর্ট আর ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন হুডিকে পছন্দের শীর্ষে পৌঁছে দিয়েছে। বিভিন্ন ডিজাইন ও প্যাটার্নের সংযোজনে নানা ধরনের হুডিক এখন বাজারে মেলে। শীতে নিত্যদিনের ব্যবহার থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি অথবা বন্ধুদের সঙ্গে আউটিংয়ে হুডি হতে পারে সব সময়ের সঙ্গী। বর্তমানে শুধু জ্যাকেট নয়, সোয়েটার, টি-শার্ট নানা ধরনের পোশাকেই হুডি জুড়ে দেওয়া হচ্ছে।
ছেলেদের হুডির মধ্যে রয়েছে ফুলস্লিভ হুডি টি-শার্ট, হুডি শার্ট, হুডি জ্যাকেট, হুডি সোয়েটার, ব্রুকলাইন হুডি সোয়েটার, স্লিভলেস হুডি, ব্যাটম্যান হুডি। সাম্প্রতিক সময়ে কানটুপি ও মাফলার বাড়তি ঝামেলা হিসেবে বিবেচিত হওয়ায় ওগুলোর কদর কমে এসেছে। তাই শীত উপলক্ষে সবাই এখন হুডিওয়ালা পোশাকই বেছে নিচ্ছে। অনেক ফ্যাশন হাউস বিভিন্ন রকম বৈচিত্র্য এনেছে হুডিতে।

মূল পোশাকের সঙ্গে সংযুক্ত হুডির পাশাপাশি নিয়মিত পোশাকের সঙ্গেও টপ হিসেবে ব্যবহার করতে পারেন হুডি। রঙের ক্ষেত্রে টপ ও বটম দুটোই এক রঙ বেছে না নিয়ে ভিন্ন রঙ বেছে নিলে বেশ মানানসই লাগবে দেখতে। হুডি জ্যাকেটের মধ্যে কটন, লেদার, গ্যাবার্ডিন ও ডেনিম আইটেমগুলোই এবার প্রাধান্য পেয়েছে বেশি। এবারের হুডি জ্যাকেটগুলো সাধারণত একরঙার পাশাপাশি বিভিন্ন রঙে দেখা যাচ্ছে। ছেলেদের হুডির রঙের মধ্যে প্রাধান্য পেয়েছে কালো, ধূসর, বাদামি, নীল, সাদা ও কফি। এসব হুডিতে বিভিন্ন রকমের প্রিন্ট ও মোটিফের ব্যবহার লক্ষ করা যাচ্ছে।
কোথায় পাবেন, কেমন দাম
দেশি প্রায় সব ফ্যাশন হাউসে মিলবে হুডি। মানসম্মত ও ফ্যাশনেবল হুডি রয়েছে টুয়েলভ ক্লদিং, সারা লাইফস্টাইল, ইয়েলো, ক্যাটস আই, জেন্টল পার্ক, ফ্রিল্যান্ড, স্মার্টেক্স, ইনফিনিটিসহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডে। এ ছাড়া নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ দেশের বিভিন্ন শপিং মলে পাওয়া যাবে নানা দাম ও মানের বাহারি হুডি। সাধারণত মানভেদে হুডির দাম ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। তবে কাপড়ের মান ও নকশা ভেদে দরদাম কিছুটা বাড়তে পারে।
মডেল : আয়েশা ও শাকিল; পোশাক : টুয়েলভ ক্লদিং; মেকআপ : বিন্দিয়া; ছবি : ফারহান ফয়সাল