মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১২:৪৯ পিএম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক যত্নে বইপত্র বাঁধাই করে রাখতেন। একবার তার বাড়িতে এক ধনী লোক এসে বইয়ের পাতা নেড়েচেড়ে হাসিমুখে বললেন, ‘এত টাকা খরচ করে বইগুলো বাঁধানোর কী দরকার?’
বিদ্যাসাগর তার কথায় হেসে বললেন, ‘কেন, দোষ কী?’ ব্যক্তিটি বললেন, ‘ভেবে দেখুন, ওই টাকায় অনেকের উপকার হতে পারত।’ বিদ্যাসাগর এবার নিজের খদ্দরের চাদরটা গায়ে ভালো করে মুড়ি দিয়ে গম্ভীর হয়ে ব্যক্তিটিকে বললেন, ‘আপনার গায়ের শালটা কিন্তু বেশ সুন্দর! কোথা থেকে কিনেছেন? দাম কত?’ লোকটি বিদ্যাসাগরের প্রশ্নের উত্তরে সগর্বে ‘শহর থেকে পাঁচশ টাকা দিয়ে কিনেছি’ বলে উৎফুল্ল হয়ে শালের গুণকীর্তন শুরু করলেন। বিদ্যাসাগর তাকে থামিয়ে দিয়ে বললেন, ‘সবই তো বুঝলাম। পাঁচ সিকির কম্বলেও তো শীত কাটে। এই দেখুন না, আমিই তো খদ্দরের মোটা চাদর গায়ে দিই। এ চাদরের দাম খুব কম। কী দরকার পাঁচশ টাকা দামের শাল গায়ে দেওয়ার? এ টাকায়ও তো অনেকের উপকার হতে পারত। নয় কি?’
সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা, অংশুমান চক্রবর্তী