স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১২:২২ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১২:২২ পিএম
স্থানীয়রা বলছেন, এর চেয়ে বাজে ফোয়ারা পৃথিবীতে নেই
পৃথিবীর সবচেয়ে কুৎসিত দর্শন ফোয়ারাটি কোথায় বলতে পারেন? চিন্তা করে লাভ নেই। এমন কোনো তালিকাও তৈরি হয়নি এখন পর্যন্ত।
তবে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানীতে এমন একটি জলের ফোয়ারা স্থাপন করা হয়েছে, যাকে স্থানীয়রা চিহ্নিত করছেন পৃথিবীর সবচেয়ে বাজে দর্শন ফোয়ারা হিসেবে।
ভিয়েনার আধুনিক পানি সরবরাহ ব্যবস্থার ১৫০ বছর পূর্তি উপলক্ষে মেয়র অফিসের নির্দেশে ফোয়ারাটি নির্মাণ করে দেশটির একটি খ্যাতনামা আর্ট গ্রুপ।
চলতি বছরের ২৪ অক্টোবর অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের উপস্থিতিতে ফোয়ারাটি উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। এই সমালোচনা আরও বৃদ্ধি পায়, যখন এর নির্মাণ খরচ সামনে আসে। ‘উইরওয়াসার’ নামের এই ফোয়ার তৈরিতে খরচ হয়েছে এক দশমিক আট মিলিয়ন ইউরো বা দুই মিলিয়ন মার্কিন ডলার।
যদিও ভিয়েনার মেয়র মাইকেল লুডভিগ এটিকে আকর্ষণীয় ও নান্দনিক বলে আখ্যা দিয়েছেন। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ক্লাস এইটের কোনো বাচ্চাও এর চাইতে সুন্দর নকশায় ফোয়ারা তৈরি করতে পারত!