স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১১:৫৩ এএম
এ জানালায় ইচ্ছামতো ছবি বা দৃশ্য দেখা যাবে ঘরে বসে
জানালা ঘরের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। জানালা দিয়েই দেখা যায় বাইরের দুনিয়া। কিন্তু যদি আপনার ঘরের বাইরের পরিবেশ সুন্দর না হয়, তাহলে মন খারাপ না করলেও চলবে।
বাজারে এসে গেছে ভার্চুয়াল উইন্ডো! এ জানালায় আপনি ইচ্ছামতো ছবি বা দৃশ্য দেখতে পাবেন ঘরে বসে। মনে হবে, এ দৃশ্য আপনার ঘরের বাইরেই!
মার্কিন প্রযুক্তি কোম্পানি লিকুইডভিউ বাজারে এনেছে এমন বিশেষায়িত জানালা। এ জানালাগুলো মূলত হাই রেজল্যুশন-সমৃদ্ধ ডিজিটাল প্যানেল। সেগুলো সাধারণ জানালার মতো যেকোনো স্থানে স্থাপন করা যায়। ব্যবহারকারীরা সাবস্ক্রিপশনের মাধ্যমে পছন্দের বিষয় নির্ধারণ করে নিতে পারবেন, যেগুলো ওই জানালায় প্রদর্শিত হবে। স্মার্টফোনের একটি অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি দৃশ্যই ন্যাশনাল জিওগ্রাফি মানের সিনেমাটোগ্রাফারের তত্ত্বাবধানে ফিচার ফিল্ম মোশন পিকচার ক্যামেরাসহ ২৪ ঘণ্টা সময় নিয়ে তোলা, যা এইট কে (8k) রেজল্যুশনে রেকর্ড করা।
তবে এ ভার্চুয়াল উইন্ডোর প্রধান সমস্যা হলো, এগুলো আলো-বাতাস চলাচলে সাহায্য করবে না। বরং বিদ্যুৎ খরচ বাড়াবে। উপরন্তু এর দামও কম নয়, প্রতিটি সিঙ্গেল প্যানেলের মূল্য ২৫ হাজার মার্কিন ডলার।