মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১১:৫৫ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১২:০৫ পিএম
সৈয়দ মুজতবা আলী
কলকাতার বিখ্যাত আড্ডাবাজ ও লেখক রাধাপ্রসাদ গুপ্ত সৈয়দ মুজতবা আলীর বিশেষ অনুরাগী ছিলেন। আলী সাহেবের ‘ দেশে-বিদেশে’ বইটি প্রকাশিত হওয়ার পর রাধাপ্রসাদ ইংরেজিতে বইটির একটি আলোচনা লেখেন। সেখানে ‘দেশে-বিদেশে’র রীতিমতো ভূয়সী প্রশংসা ছিল। রিভিউটি পড়ে মুজতবা আলী খুশি হন। যদিও নিজের লেখা সম্পর্কে ব্যক্তিগত সংশয়ের কারণে ভেবেছিলেন যে, তিনি আদৌ অতটা প্রশংসার যোগ্য কি না! তাই পরে রাধাপ্রসাদ গুপ্তকে এক কপি অটোগ্রাফসমৃদ্ধ ‘ দেশে-বিদেশে’ বইটি পাঠালেন আর তার পুস্তানিতে সইয়ের সঙ্গে টিপ্পনী কেটে লিখলেন- ‘তুমি আমার বইয়ের যেরকম বেশরম প্রশংসা করেছো, তা থেকে পরিষ্কার মালুম হচ্ছে তুমি আমার লেখাটা মন দিয়ে পড়োনি। তাই যাতে ভালো করে পড়তে পারো, সেজন্য এই বইটা দিলাম।’
সূত্র : মুজতবা রঙ্গ, মুহিত হাসান