× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরূপা পঞ্চগড়

গোলাম কিবরিয়া

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৪:০০ পিএম

শীতের শুরুতে পঞ্চগড় থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা	ছবি : ফিরোজ আল সাবাহ

শীতের শুরুতে পঞ্চগড় থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা ছবি : ফিরোজ আল সাবাহ

কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারতের সিকিম ও নেপাল সীমান্তে এর চূড়া অবস্থিত, যা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে। শীতের শুরুর দিকে যখন আকাশ মেঘ এবং কুয়াশামুক্ত থাকে তখন ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে খালি চোখেই এই পর্বতশৃঙ্গের অপরূপ রূপ দেখা যায়।

হেমন্তের নবান্নের দেশে এখন শীত আসি আসি ভাব নিয়ে আছে প্রকৃতি। প্রতিবছর শীতের শুরুতে প্রায় সব বয়সের মানুষ কাঞ্চনজঙ্ঘার রূপের সৌন্দর্য উপভোগে ভিড় জমান উত্তরের জেলা পঞ্চগড়ে। বিস্তীর্ণ চা-বাগানের সবুজ গালিচার মধ্যে সোনার আলোয় উদ্ভাসিত হয় এর নৈসর্গিক রূপ। সাধারণত সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।

পঞ্চগড়ের গ্রামীণ জীবন, পঞ্চগড়ের আকাশের অলংকার কাঞ্চনজঙ্ঘা ও জীববৈচিত্র্য নিয়ে ফিরোজ আল সাবাহর তোলা কিছু ছবি নিয়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অপরূপা পঞ্চগড়’। প্রদর্শনীটি চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ফিরোজ আল সাবাহর জন্ম ও বেড়ে ওঠা হিমালয়ের কোলে, পঞ্চগড়েই। ছবির নেশা ও পেশার জন্য দেশ-বিদেশ চষে বেড়ালেও ফটোগ্রাফি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অধিকাংশ সময় কেটেছে পঞ্চগড়ে। পঞ্চগড়ের ভূপ্রকৃতি, গ্রামীণ সৌন্দর্য ও বন্য জীবনের ছবি তুলে কাটিয়েছেন জীবনের অর্ধেক সময়। পঞ্চগড়েই তুলেছেন চিতাবাঘের ছবি, অতিকায় পাখি চিতিঠোঁট গগনবেড়, মদনটাক, বার্মিজ অজগর, মহাবিপন্ন পাখি শেখ ফরিদের ছবি ছাড়াও আরও নানা দুর্লভ বন্য প্রাণী ও পাখির ছবি তুলেছেন। 

বাবা প্রথম পরিচয় করিয়ে দেন হিমালয়ের সঙ্গে। শরৎ ও শীতের মাঝামাঝি পঞ্চগড় থেকে দেখা যায় হিমালয় পর্বতমালার অনেকগুলো তুষারাবৃত পর্বত। এর মধ্যে অন্যতম পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা। 

 প্রদর্শনীতে ফিরোজ আল সাবাহর ফটোগ্রাফ ‘ট্রি স্কেপ’ 

২০০০-এর দশকের শেষ দিকে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার ছবি তোলেন ফিল্ম ক্যামেরা দিয়ে। সে সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার ব্যাপারটার উদ্দীপনা, আনন্দ হাতেগোনা কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন থেকেই কাঞ্চনজঙ্ঘার ছবি তোলা শুরু। এরপর ডিজিটাল যুগের শুরুতে আবার নতুন ক্যামেরা দিয়ে শুরু হয় কাঞ্চনজঙ্ঘার পেছনে ছোটা। সদ্যজাত সোশ্যাল মিডিয়ায় পঞ্চগড় থেকে তোলা কাঞ্চনজঙ্ঘার ছবি শেয়ার করলে পাওয়া যায় মিশ্রপ্রতিক্রিয়া। কেউ কেউ বিশ্বাস করলেও অধিকাংশ ব্যবহারকারীই হেসে উড়িয়ে দেন। কাঞ্চনজঙ্ঘার ছবি নিয়ে ঠাট্টাও চলে সমানতালে। ‘ট্রল’ শব্দটা তখনও জনপ্রিয়তা পায়নি। 

কিন্তু ফিরোজ হার মানেননি। বন্ধুদের নিয়ে প্রতিবছর শীতের শুরুতে কাঞ্চনজঙ্ঘার পেছনে ছুটেছেন ক্যামেরা নিয়ে। পঞ্চগড়ের পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখে পঞ্চগড়ের সৌন্দর্য তুলে ধরতে প্রচারণা চালিয়েছেন নানা মাধ্যমে। জেলার সব শ্রেণি-পেশার মানুষও নিজেদের জেলার সৌন্দর্য দেশবাসীর কাছে তুলে ধরতে চেষ্টার কমতি করেননি। বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার মানুষ। জেলা প্রশাসন থেকেও নেওয়া হয় বিশেষ উদ্যোগ। 

সবার প্রচেষ্টায় হাসিঠাট্টা ছাপিয়ে অবশেষে সফলতার দেখা পাওয়া গেল ২০১৮ সালের পর থেকে। শীতের শুরুতে কাঞ্চনজঙ্ঘা দেখতে দলে দলে আসতে লাগল মানুষ তেঁতুলিয়ায়। এতে করে তেঁতুলিয়া তথা পঞ্চগড়ের পর্যটন এর চিত্রই যেন বদলে গেল। উল্লেখ্য আলোকচিত্র প্রদর্শনী ‘অপরূপা পঞ্চগড়’ প্রদর্শনীটি চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

‘অপরূপা পঞ্চগড়’ প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত

ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার উপায়

বাস ও ট্রেন; ঢাকা থেকে কেবল এই দুই মাধ্যমে পৌঁছানো যায় পঞ্চগড় জেলায়। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে পঞ্চগড়ের বাস পাওয়া যায়। নন-এসি বাসে খরচ নিতে পারে মাথাপিছু ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা, আর এসি বাস ভাড়া পড়তে পারে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৯০০ টাকা।

পঞ্চগড় নেমে লোকাল বাসে করে যেতে হবে তেঁতুলিয়ায়। এ পথে সারা দিনই চলাচল করে এই বাসগুলো। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে পড়ে। ভাগ্য ভালো হলে এ পথ দিয়ে যাওয়ার সময় দূরের আকাশে চোখে পড়তে পারে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। 

ট্রেনে যেতে হলে ঢাকার কমলাপুর থেকে সরাসরি পঞ্চগড় ট্রেন আছে। শ্রেণিভেদে ট্রেন ভাড়া জনপ্রতি সর্বনিম্ন ৫৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার ৯৪২ টাকা হতে পারে। পঞ্চগড় নেমে এখানকার কেন্দ্রীয় বাসস্টেশন ও চৌরঙ্গী মোড়ে পাওয়া যাবে প্রাইভেট কার ও মাইক্রোবাস। এছাড়াও পঞ্চগড়ের আরও কিছু দর্শনীয় স্থান সমূহ হলো-মহারাজার দিঘী, রকস মিউজিয়াম,  তেঁতুলিয়া ডাকবাংলো, ভিতরগড়, মিরগড় করতোয়া নদী, মহারাণী বাঁধসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে পঞ্চগড় জেলায়।  

থাকা-খাওয়ার ব্যবস্থা

তেঁতুলিয়া উপজেলায় আবাসিক হোটেলের নন-এসি রুম ভাড়া ৬০০ থেকে ৮০০ টাকা। এসি ডাবল বেডের ভাড়া পড়তে পারে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। মহানন্দা নদীর তীরের ডাকবাংলোতে থাকা যেতে পারে। এ ছাড়া আছে বাংলাবান্ধা স্থলবন্দরের জেলা পরিষদের ডাকবাংলো এবং বনবিভাগের রেস্টহাউস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা