মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১২:৩০ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১২:৩২ পিএম
লেখক জোনাথন সুইফটের এক বন্ধু প্রায়ই তাকে উপহার পাঠাতেন। সেই বন্ধুর বাড়ির কাজের ছেলেটি সেগুলো পৌঁছে দিত। কৃপণস্বভাবের সুইফট ছেলেটিকে কখনও বকশিশ দিতেন না। এতে ছেলেটির মনে খেদ তৈরি হয়। বন্ধুটি সুইফটের জন্য আবারও কিছু উপহার পাঠালে ছেলেটি সেগুলো সুইফটের ঘরের এক কোনায় রেখে চলে যাচ্ছিল। সুইফট ব্যাপারটা লক্ষ করে রাগী গলায় বলেন, ‘ওহে ছোকরা, তুমি তো দেখি আদবকায়দা মোটেও জানো না। এসো বিনয় কীভাবে দেখাতে হয়, তোমাকে শিখিয়ে দিচ্ছি।’ এই বলে ছেলেটিকে নিজের চেয়ারে বসিয়ে নিজেই কাজের ছেলের ভূমিকায় অভিনয় করে দেখাতে লাগলেন। বিনয়ে বিগলিত হয়ে বললেন, ‘স্যার আমার মালিক আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। আপনি অনুগ্রহ করে তা গ্রহণ করলে তিনি খুশি হবেন।’ ছেলেটি সুইফটের চেয়ারে বসে ব্যাপারটি বেশ উপভোগ করে এবং পরক্ষণেই সে পকেট থেকে এক শিলিং বের করে গম্ভীর কণ্ঠে বলে, ‘ঠিক আছে, ওখানে রাখো। আর এই নাও তোমার বকশিশ।’
এ ঘটনার পর থেকে ওই কাজের ছেলেটিকে সুইফট বকশিশ ছাড়া কখনও বিদায় করেননি। আর সেও আদবের কমতি রাখেনি।
সূত্র : হেরিটেজ-হিস্টরি ডটকম