× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিষ্টিমুখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১৫:৩০ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২১:২২ পিএম

মিষ্টিমুখ

উৎসবের দিনে মিষ্টিমুখ না হলে কি চলে! ষষ্ঠী থেকে দশমী টানা পাঁচ দিন থাকুন মজার স্বাদের মিষ্টির বাহার নিয়ে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী অসিত কর্মকার।

গুড়ের নাড়ু

যা যা লাগবে : নারকেল ৪টি ও গুড় আধা কেজি।

যেভাবে তৈরি করবেন : নারকেল ভেঙে কুরিয়ে নিতে হবে। অন্যদিকে গুড় ছোট আকৃতির করে কেটে নিন। একটি পাত্রে নারকেল ও গুড় দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন। নেড়ে নেড়ে জ্বাল দিতে হবে যাতে তলায় ধরে না যায়। গুড় গলে গেলে জ্বাল মৃদু করে দিয়ে নাড়তে থাকুন। একপর্যায়ে মিশ্রণটি কড়াই থেকে আলাদা হয়ে আসবে। তখন নামিয়ে হাতে নাড়ুর শেপ দিলেই তৈরি হয়ে যাবে নারকেল ও গুড়ের নাড়ু।

গুড়ের সন্দেশ 

যা যা লাগবে : ছানা ২ কাপ, গুড় আধা কাপ, পানি আধা কাপ, এলাচ গুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ চা-চামচ, ঘি ৩ চা-চামচ ও বাদাম কুচি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে গুড় ও পানি দিয়ে চুলায় জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন। এতে ছানা ও এলাচ গুঁড়া মিশিয়ে ভালোভাবে নাড়ুন। আঠালো হয়ে এলে বাদাম মিশিয়ে নিন। এবার একটি প্লেটে ঘি মেখে মিশ্রণটি নামিয়ে বিছিয়ে দিন। ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে সাজিয়ে পরিবেশন করুন।

কাজুবরফি

যা যা লাগবে : কাজুবাদাম আধা কেজি, তরল দুধ ১ কাপ, এলাচ পাউডার আধা চা-চামচ, চিনি ১ কাপ ও ঘি ২ চা-চামচ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে মিক্সারে কাজুবাদাম ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিন। একটি পাত্রে চিনি ও পানি মিশিয়ে ফুটিয়ে রস তৈরি করে দিতে হবে। এর মধ্যে কাজু পাউডার, তরল দুধ ও এলাচ পাউডার মিশিয়ে নিন। মৃদু আঁচে মিশ্রণটি নাড়তে থাকুন। আঠালো ভাব এলে একটি প্লেটে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে নিন। ঠান্ডা হলে বরফির আকারে কেটে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন কাজুবরফি।


ছানার সন্দেশ
যা যা লাগবে : ছানা ২ কাপ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়া আধা চা-চামচ, মাওয়া গুঁড়া ১ কাপ, ঘি ২ চা-চামচ ও পানি সামান্য।
যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে আধা কাপ চিনি, দেড় কাপ ছানা, এলাচ গুঁড়া মিশিয়ে ভালোভাবে নাড়ুন। আঠালো হয়ে এলে নামিয়ে রোল আকার দিয়ে ঠান্ডা করে নিন। অন্য পাত্রে বাকি চিনি দিয়ে একটু বাদামি রঙের সিরা তৈরি করে এতে আধা কাপ ছানা মিশিয়ে ভালোভাবে নাড়ুন। আঠালো হয়ে এলে একটি থালায় ঘি মেখে সেই মিশ্রণ পুরু করে বিছিয়ে নিন। এবার আগে থেকে বানিয়ে রাখা ছানার রোল দিয়ে মুড়িয়ে ঠান্ডা করুন। মাওয়া গুঁড়ায় গড়িয়ে আধা ইঞ্চি পরিমাপে কেটে পরিবেশন করুন মজাদার ছানার সন্দেশ।

মাওয়া লাড্ডু
যা যা লাগবে : মাওয়া ২ কাপ, বেসন ১ কাপ, চিনি ১ কাপ, ঘি ২০০ গ্রাম, তেল ২ কাপ, গোলাপজল ১ টেবিল চামচ ও জাফরান সামান্য।
যেভাবে তৈরি করবেন : বেসন ও জাফরান মিশিয়ে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। একটি পাত্রে চিনি, পানি ও গোলাপজল দিয়ে সিরা তৈরি করে নিন। এবার অন্য পাত্রে ঘি ও তেল একসঙ্গে গরম করে তাতে ঝাঁঝরি দিয়ে ব্যাটার ঢেলে বুন্দিয়ার মতো ভেজে নিতে হবে। তৈরি করে রাখা সিরার মিশ্রণে বুন্দিয়া ঢেলে দিয়ে পানি ছড়িয়ে দিতে হবে যেন নরম হয়ে যায়। তুলে নিয়ে মাওয়া মিশিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে নিন। তৈরি মাওয়া লাড্ডু।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা