পূজা-পার্বণের দিনে খাবারে থাকে বিশেষ আকর্ষণ। তাই তো ছোট থেকে বড় সবাই অপেক্ষায় থাকে বিশেষ এই দিনের জন্য। সুস্বাদু কয়েকটি রেসিপি দেখুন আজকের হেঁশেলে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা আহম্মেদ।

সবজি পোলাও
যা যা লাগবে : পোলাও চাল ২ কাপ, বরবটি (টুকরো) ১/৪ কাপ, গাজর (টুকরো) ১/৪ কাপ, আলু (টুকরো) ১/৪ কাপ, ক্যাপসিকাম ২ টেবিল চামচ, পটোল (টুকরো) আধাকাপ, সবুজ এলাচ ২টি, কালো এলাচ ১টি, দারুচিনি ৩-৪টি, তেজপাতা ১টি, ঘি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১/৩ কাপ, কাঁচা মরিচ ৬-৭টি ও কিশমিশ সামান্য।
যেভাবে তৈরি করবেন : পাত্রে তেল ও ঘি দিয়ে গরম মসলা দিন। পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে আদা-রসুন দিয়ে কষাতে হবে। এর মধ্যে সবজিগুলো দিয়ে সামান্য ভেজে পানি দিয়ে সেদ্ধ করে নিন। সবজি সেদ্ধ হলে চাল দিয়ে মিশিয়ে নিন। ফুটন্ত পানি ও লবণ দিয়ে চাল ভালো করে নেড়ে চুলার আঁচ মাঝারি করে ঢেকে দিতে হবে। পানি কমে এলে কাঁচা মরিচ দিয়ে তাওয়ার ওপর অল্প আঁচে দমে বসিয়ে দিন। ১৫-২০ মিনিট পর ওপরে ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার সবজি পোলাও।

পনির মাসালা
যা যা লাগবে : পনির (কিউব কাটা) ১.৫ কাপ, বাটার ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, মটরশুঁটি ১ কাপ, টম্যাটো কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ২ চা-চামচ, কালো এলাচ ১টি, কালো গোলমরিচ ৪-৫টি, লং ২-৩টি, আস্ত জিরা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, পানি ১ কাপ, ধনেপাতা সামান্য ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : পাত্রে তেল দিয়ে কালো এলাচ, গোলমরিচ, লং, আস্ত জিরা ও আদা-রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এবার সব গুঁড়া মসলা দিন। সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। টম্যাটো কুচি, লবণ ও সামান্য পানি দিয়ে ফুটে এলে চুলা বন্ধ করে একটু ঠান্ডা হতে দিন। একটি ব্লেন্ডারে টম্যাটো ও মসলা ব্লেন্ড করে নিন। অন্য একটি পাত্রে সামান্য বাটার পনিরগুলো ভেজে তুলে রাখুন। এবার মটরশুঁটি দিয়ে অল্প ভেজে নিন। এর মধ্যে ব্লেন্ড করা মসলা দিয়ে অল্প আঁচে কষাতে হবে। কষানো হলে ভেজে রাখা পনির দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে ঢেকে রাখুন কিছুক্ষণ। ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজার পনির মাসালা।
ইলিশ পাতুরি
যা যা লাগবে : ইলিশ মাছ ৬ টুকরো, লাউপাতা ১২টি, হলুদগুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল ১ কাপ, হলুদ সরিষা ২ চা-চামচ, কালো সরিষা ২ চা-চামচ, পোস্ত ১ চা-চামচ, কাঁচা মরিচ ১০টি, টক দই ৪ চা-চামচ, চিনি সামান্য ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : মাছ ধুয়ে কেটে টুকরো করে নিন। কালো ও হলুদ সরিষা এবং পোস্ত পানি দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার ব্লেন্ডারে সরিষা, পোস্ত, কাঁচা মরিচ, হলুদগুঁড়া, টক দই, চিনি, লবণ ও সরিষা তেল দিয়ে ব্লেন্ড করে নিন। আস্ত লাউপাতা ধুয়ে পরিষ্কার করে ৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। ২টি পাতা নিয়ে বানিয়ে রাখা মসলার মিশ্রণ দিয়ে তার ওপর মাছ রেখে আরেকটু মসলা ও ১টি কাঁচা মরিচ দিয়ে পাতাটি মুড়ে নিন। ফ্রাই প্যানে অল্প তেল দিন, গরম হলে পাতা মোড়ানো মাছ দিয়ে কম আঁচে ঢেকে দিন। কিছুক্ষণ পর উল্টে দিন। এভাবে মাছের দুই পাশ ভাজা হলে লাউপাতার পানি শুকিয়ে নিন এবং নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ইলিশ পাতুরি।