মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১২:১৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১২:১৭ পিএম
জানালা নিয়ে প্রতিবেশীর সঙ্গে প্রেমেন্দ্র মিত্রের মামলা চলছিল। পুবদিকের জানালার সামনে দেয়াল তুলে দেওয়ায় এ গণ্ডগোল। আদালতে প্রমাণ করতে হবে জানালা আগে না দেয়াল আগে। মামলার পরিণতি চরম নাটকীয় পর্যায়ে; কে জেতে কে হারে অবস্থা। এমন এক সকালে লেখার তাগাদায় সাগরময় ঘোষ যান প্রেমেন্দ্রর বাড়িতে। যাওয়ামাত্রই তিনি বলে উঠলেন, ‘তুমি কত বছর ধরে আমার বাড়িতে নিয়মিত আসছ?’
সাগর বললেন, ‘বারো বছর।’ প্রেমেন্দ্র বললেন, ‘ভেরি গুড। তাহলে বরাবর তুমি পুবদিকের জানালাটা লক্ষ করে এসেছ?’ সাগর হ্যাঁ-সূচক জবাব দিতেই প্রেমেন্দ্র মিত্র বললেন, ‘যাক নিশ্চিন্ত হলাম। তোমাকে কিন্তু মামলায় সাক্ষ্য দিতে হবে। আদালতে গিয়ে শুধু বলতে হবে, বারো বছর ধরে পুবদিকের জানালাটা ওইখানে ওই অবস্থায় তুমি দেখেছ।’
সাগর সাক্ষ্য দিতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। তবু যদি পূজাসংখ্যার লেখা পাওয়া যায়। সাগর উৎসাহের সঙ্গে প্রেমেন্দ্রকে যেই না লেখার কথা বললেন, আর যাবে কোথায়। চোখ পাকিয়ে প্রচণ্ড ধমক দিয়ে বললেন, ‘লজ্জা করে না লেখা চাইতে? দেখছ মামলা-মোকদ্দমায়, ডুবে আছি। উকিল-বাড়ি আর আদালতঘর ছোটাছুটি করে মরছি, তার ওপর আবার লেখা?’
সূত্র : সম্পাদকের বৈঠকে, সাগরময় ঘোষ