মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১২:৩৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১২:৩৮ পিএম
সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে সম্পাদকমণ্ডলীর সদস্য করে পাঁচ খণ্ডের ‘ভারতকোষ’ প্রকাশের কাজ চলছে। বহুদিনের পরিশ্রম শেষে প্রথম খণ্ডটি বেরোনোর পর সম্পাদকমণ্ডলীর সব সদস্য বসেছেন পর্যালোচনা করতে। সেখানে হাজির আছেন সুনীতিকুমার। অতিথি আলোচক হিসেবে আছেন সুনীতিকুমারের সরাসরি ছাত্র সুকুমার সেন। তার হাতে প্রকাশিত ভারতকোষের একটা কপি। সভা শুরু না হতেই তিনি ওই কোষের কোথায় কী ভুল আছে, তা বিবৃত করা শুরু করে দিলেন। ছাত্রকে থামাতে গিয়ে সুনীতিকুমার বললেন, ভুল আছে, তা তো ঠিকই। কিন্তু সেজন্য শুদ্ধিপত্র দেওয়া যেতে পারে। কিছুদিন আগে মারাঠা ভাষায় মহারাষ্ট্র থেকে এরকম একটি কোষ প্রকাশ পেয়েছিল, তার তুলনায় এখানে ভুলের পরিমাণ কমই। শিক্ষকের কথা না মেনে এবার সুকুমার সেন বলে উঠলেন, ‘মহারাষ্ট্রের সঙ্গে তুলনা করব কেন? ওখানে কি সুনীতিকুমার চট্টোপাধ্যায় আছেন?’ যেখানে সুনীতিকুমারের মতো পণ্ডিত মানুষ আছেন, সেখানে ভুল কেন থাকবে?
সূত্র : ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ, শঙ্খ ঘোষ