× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশফুলের দেশে

কৃত্তিকা চক্রবর্তী

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৫ পিএম

অলংকরণ : অর্নিলা ভৌমিক, নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

অলংকরণ : অর্নিলা ভৌমিক, নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে মেঘলা একটি কাশফুল তুলে নেয়। এ ফুল ওর অনেক প্রিয়। সাদা রঙের ফুল যখন বাতাসে দোল খায় তখন অনেক আনন্দ লাগে। একটি কাশফুল ছিঁড়ে হাতে নিয়ে হাঁটতে থাকে। ইভাদের বাড়ি যাচ্ছে। আজ ওখানে হাওয়াই মিঠাই খাওয়ার আয়োজন। আসলে হয়েছে কী, মেঘলা আর ইভা দুজনেরই হাওয়াই মিঠাই খুব পছন্দ। কে বেশি হাওয়াই মিঠাই খেতে পারে, তা নিয়ে আজ একটা যুদ্ধ হবে।

ইভাদের বাড়িতে প্রবেশ করতেই মেঘলা বলল, কীরে হাওয়াই মিঠাই কিনেছিস তো? ইভা বলল, না। বিশেষ কারণে আজ হাওয়াই মিঠাই খাওয়া হচ্ছে না। মেঘলা জিজ্ঞেস করে, কারণ কী? ইভা বলে, চল না ওপরে। সব জানতে পারবি।

ওর হাত ধরে ইভা টেনে নিয়ে ওপরে যায়। মেঘলা ইভার ঘরে গিয়ে দেখে একটি মেয়ে বসে আছে। ইভা মেঘলাকে বলে, এ হলো আমার মামাতো বোন লতা। ওরা ঢাকায় থাকে। বিদেশে যাবে। তাই দেখা করতে এসেছে। মেঘলা লতার সঙ্গে বসে গল্প করছে। হঠাৎ লতা জিজ্ঞাস করে, তোমার হাতে ওটা কী?

মেঘলা অবাক হয়ে বলে, তুমি এই ফুল চেনো না? এটা তো কাশফুল। নদীর ধারের কাশফুলগুলোই তো শরতের সৌন্দর্য।

লতা বলল, ইশ! তুমি বইয়ের মতো করে বোলো না তো। বাংলাদেশের সৌন্দর্য! তোমরা যে কোথায় কী পাও!

লতার কথাগুলো মেঘলার কাছে খারাপ লাগল। ওর কানে বাজতে থাকে। ওদের কোনো কথাই যেন মেঘলা আর শুনতে পায় না। হঠাৎ বলে ওঠে, আমার বাড়ি যেতে হবে।

ইভা বলে, চলে যাবি? আচ্ছা কাল কিন্তু আমরা তিনজনে ঘুরতে যাব। ঠিক আছে?

মেঘলা হ্যাঁ-সূচক মাথা নাড়ে। বাসায় যেতে যেতে মেঘলার কানে বাজে লতার সেই তাচ্ছিল্যের সুর।

পরদিন সকালে তিনজনে ঘুরতে যায়। মেঘলা ওদের নিয়ে যায় শিউলিতলায়। শিউলি ফুল একটি একটি করে ঝরে পড়ে ওদের ওপর। মেঘলা একমুঠো শিউলি তুলে নেয়। তারপর কাশবনের পাশ দিয়ে ওরা হেঁটে যায় নদীর ঘাটে। একটি নৌকায় ওঠে। মাঝি নৌকার পাল তুলে দেয়। চলে যায় নদীর মাঝখানে। মেঘলা বলে, এটা আমার বাংলাদেশ, লতা। এর নীল আকাশের মেঘে মেঘে আমি হারিয়ে যেতে চাই। তোমার কাছে এর মূল্য না থাকলেও এই শান্তিপূর্ণ সৌন্দর্য আামর কাছে অমূল্য। নৌকার ওপর দাঁড়িয়ে মেঘলা ওর চুল খুলে ফেলে, তাকিয়ে থাকে নীল আকাশের দিকে। দুই হাত মেলে ধরতেই শরতের স্নিগ্ধ বাতাসে ওর মন শান্ত করে দেয়। ইভা আর লতা ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে।

নবম শ্রেণি, বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা