মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১২:৩৪ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১২:৫৬ পিএম
পোর্টেট: জয়ন্ত সরকার
সৈয়দ মুজতবা আলীর বড় ছেলে ফিরোজ শিশুবয়সে শিবরাম চক্রবর্তীর লেখার বিরাট ভক্ত ছিলেন। একদিন বাবাকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা আব্বু, তুমি শিবরামকে চেনো?’ মুজতবা বললেন, ‘চিনব না কেন? সে তো আমার বন্ধু।’ ফিরোজ বললেন, ‘অসম্ভব! তা হতে পারে না। তোমার মতো লেখকের সঙ্গে শিবরামের কোনো সম্পর্ক থাকতে পারে না।’
মুজতবা আলী শিবরামের কাছে চিঠি লিখলেন, ‘ব্রাদার, আমার ছেলের কাছে তুমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ লেখক। তার ধারণা তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। কী করি বলো তো? কীভাবে তোমার সঙ্গে দেখা করি?’
শিবরাম লিখলেন, শান্তিনিকেতনে এসে ছেলের ভুল ভাঙিয়ে দিতে পারেন। মুজতবা লিখে পাঠালেন, ‘আমি আগামী বন্ধে ফিরোজকে নিয়ে কলকাতায় তোমার মেসে চলে আসব।’
ফিরোজকে নিয়ে শিবরামের মেসে হাজির হলেন মুজতবা আলী। গিয়ে দেখেন বিরাট কাণ্ড, হরেকরকমের খাবারদাবার দিয়ে পুরো ঘর ঠাসা। সবটাই ফিরোজের জন্য। এমন অবস্থা দেখে মুজতবা আলী শিবরামকে বললেন, ‘ভাই, তুমি এতসব করতে গেলে কেন?’ শিবরাম হেসে বললেন, ‘ফিরোজ কি আর ফি- রোজ আসে?’
কিছুদিন পর মুজতবা আলীকে একটি বই উৎসর্গ করেন শিবরাম। এতে মুজতবা আনন্দিত হয়ে চিঠি লিখলেন, ‘ভাই শিবরাম, তোমার উৎসর্গ করা বই পেয়ে ভারী খুশি হয়েছি, গৌরব অনুভব করেছি। এবারে ফিরোজ বোধহয় স্বীকার করবে, আমিও লেখক বটে।’