স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৫:২১ পিএম
প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে প্রেমিকরা নানান চিত্তাকর্ষক কাজ করে থাকে। জিপিএস ব্যবহার করে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা শুনেছেন কখনও!
আগে জেনে নিই জিপিএস আর্ট কী। জিপিএস ডিভাইস ব্যবহার করে পূর্বনির্ধারিত পথ ধরে ভ্রমণের পর ওই রুট গুগল আর্থের মতো একটি ম্যাপিং টুলে আপলোড করা হয়, তখন এটি একটি আকার লাভ করে আর একেই বলা হয় জিপিএস আর্ট। ২০০৮ সালে টোকিওর বাসিন্দা ইয়াসুশি তাকাহাশি তার প্রেমিকা নাটসুকিকে বিয়ের প্রস্তাব দিতে চান। কিন্তু সবার থেকে আলাদা করে ঠিক কীভাবে প্রস্তাব দেবেন, এ নিয়ে চিন্তিত ছিলেন। ফলে তিনি বেছে নেন নতুন ধারার আর্ট ফর্ম জিপিএস আর্ট।
শুনতে অবাস্তবিক মনে হলেও, সত্যিই ইয়াসুশি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এভাবেই। এ কাজ করতে গিয়ে তাকে ছয় মাসে ৪ হাজার ৪৫১ মাইল সাইকেল চালাতে হয়েছে। এরপর গুগল আর্থে ফুটে উঠেছে ‘Marry Me’, সঙ্গে ছিল ভালোবাসার চিহ্নও।
উদ্ভট কিন্তু সুন্দর এ প্রস্তাবে না করতে পারেননি নাটসুকি। বিয়ে তারা করেছেন তবে এ কাজের জন্য ইয়াসুশি গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। প্রস্তাবটি তাকে ইতিহাসের বৃহত্তম জিপিএস আর্টের জন্য গিনেস বুকে নাম তুলে দিয়েছে।