মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১১:৫২ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১২:০১ পিএম
পোর্টেট : জয়ন্ত সরকার
দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত সাদামাটা জীবনযাপন করতেন। বড়লোকের নিমন্ত্রণে তিনি প্ৰাণ খুঁজে পেতেন না। এমনকি বড়লোকের মেকি আচরণও তাঁর একদম সহ্য হতো না। একবার তিনি এক বড়লোকের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে পরদিন সকালে ছাপাখানায় পত্রিকার কাজ করতে এসে ঢেকুর তুলে নলিনীকান্ত সরকারকে বললেন, ওহে নলিনী, একটু তামাক সাজো দেখি, শরীরটা ভালো নেই।
নলিনী জানতে চাইলেন, কেন, কী হলো?
দাদাঠাকুর বললেন, বুঝলে না, কালকের ওই ব্রাহ্মণভোজনের জের, সারা রাত প্যাট্রিয়ট হয়ে ছটফট করেছি বিছানায় পড়ে।
নলিনী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কী বললেন? প্যাট্রিয়ট হয়ে! সেটা আবার কী?
দাদাঠাকুর উত্তর দিলেন, পেটের মধ্যে রায়ট বাধে বলেই তো প্যাট্রিয়ট হয়। আসলে লুচি, মাছ, মাংস, পোলাও, মিষ্টি সব পেটের মধ্যে ঢুকে পড়ায় সেসব অপরিচিতদের দেখে, যারা পেটের স্থায়ী বাসিন্দা ডাল-ভাত-চচ্চড়িরা একসঙ্গে ‘হু আর ইউ’, ‘হু আর ইউ’ বলে চিৎকার করে রায়ট বাধিয়ে দিল। সারা রাত পেটের মধ্যে কী হট্টগোল! আমি তো সহ্যই করতে পারিনি। কষ্ট পেয়েছি। তোমার কাছে যখন এলুম, একটু আগেই তো ঢেকুরের মধ্য দিয়ে হু আর ইউ বলে হাঁক ছাড়ল। শুনতে পেলে না?