মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১২:৪৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩ ২১:২০ পিএম
শিল্পী এসএম সুলতান জীবদ্দশাতেই তার কাজ দিয়ে কিংবদন্তি হয়ে উঠেছিলেন। অথচ ব্যক্তিজীবনে তিনি ছিলেন বোহেমিয়ান স্বভাবের মানুষ। নারায়ণগঞ্জের সোনারগাঁয় তার তিনশর মতো ছবি অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছিল। সেটা জানতে পেরে আহমদ ছফা উদ্যোগ নিলেন। তিনি সরকারি একটা ট্রাক নিয়ে গেলেন চিত্রকর্মগুলো ঢাকায় আনতে। সব ছবি গাড়িতে উঠিয়ে বাঁধাছাঁধা হয়ে গেছে। এমন সময় গোল বাধলেন স্বয়ং সুলতান। গেরুয়া পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এক বাউল একতারা-হাতে হাজির হলে সুলতান দাঁড়িয়ে তার সঙ্গে কোলাকুলি করলেন। তারপর জুড়ে দিলেন আড্ডা। বাউল গান ধরেছেন, সুলতান মাথা দোলাচ্ছেন। গাড়িতে ওঠার ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আহমদ ছফা পড়ে গেলেন মহামুশকিলে। ট্রাকটি বিকাল ৫টার মধ্যে ইডেন বিল্ডিংয়ে ফেরত দিতে হবে।
ছফা যতই বোঝান ট্রাক দ্রুত ছাড়তে হবে। তার এক জবাব-ম্যায় সুলতান হ্যাঁয়, কিসিকা হুকুম সে কোয়ি কাম নেহি করতা। হাম আপনা মর্জি সে হর কাম করতা।’ সঙ্গে বাউল সায় দেন, ‘বিলকুল ঠিক, আপ তো সুলতান হ্যাঁয়।’
সুলতানকে আসন থেকে টলাতে না পেরে ছফা ট্রাকে উঠে ড্রাইভারকে স্টার্ট দিতে বললেন। ট্রাক চলা শুরু করে কিছুদূর এগোতেই পেছন থেকে সুলতানের উচ্চকণ্ঠে ডাক শোনা গেল- ছফা ভাই, আমাকে ফেলে যাবেন না।