× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব আদিবাসী দিবস

বন্ধুর পথ মাড়িয়ে সফল তারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১২:৪০ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৩:১৩ পিএম

বন্ধুর পথ মাড়িয়ে সফল তারা

সমাজের মূলধারার বাইরে থেকে, বন্ধুর পথ পাড়ি দিয়ে আদিবাসী সম্প্রদায়ের অনেকেই নিজ নিজ ক্ষেত্রে দারুণ সফল। শিল্প-সংস্কৃতি, প্রশাসন, ক্রীড়াসহ বিভিন্ন অঙ্গনে আলো ছড়াচ্ছেন তারা। নিজ কর্মগুণে সৃষ্টি করেছেন সাফল্যের দারুণ উদাহরণ। এমনই কয়েকজনকে নিয়ে এই লেখা...


কনকচাঁপা চাকমা, চিত্রশিল্পী

বাংলাদেশি আধুনিক চিত্রকলার পুরোধা ব্যক্তিত্ব কনকচাঁপা চাকমা। ১৯৬৩ সালে রাঙামাটিতে জন্ম নেওয়া কনকচাঁপা লাভ করেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। আদিবাসী নারী ও তাদের জীবন তিনি ফুটিয়ে তোলেন ক্যানভাসে। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছর একুশে পদক লাভ করেন কনকচাঁপা।

প্রলয় চিসিম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রলয় চিসিম। ১৯৬৯ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। গারোদের মধ্যে প্রথম সায়েন্স গ্র্যাজুয়েট প্রলয় চিসিম ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে এএসপি পদে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা বিভাগের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত।

শুভাশিস সিনহা, নির্মাতা, নাট্যনির্দেশক, কবি

নাট্যনির্দেশক, কবি ও লেখক শুভাশিস সিনহা। ১৯৭৮ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় লেখাপড়া শেষে প্রতিষ্ঠা করেন মণিপুরি থিয়েটার। মঞ্চনাটকের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন তিনি। লেখালেখি করেন বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায়।

জ্যোতি সিনহা, অভিনেত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মেয়ে জ্যোতি সিনহা। জন্ম ১৯৮৪ সালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর করেছেন। পাশাপাশি কাজ করেন মণিপুরি থিয়েটারে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’তে অভিনয়ের জন্য ইন্দো-ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

মারিয়া মান্দা, ফুটবলার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মাঝমাঠের প্রাণভোমরা মারিয়া মান্দা। জন্ম ২০০৩ সালের ১০ মে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে। নারী ফুটবলের বয়সভিত্তিক সব পর্যায়ে অংশ নিয়েছেন। দেশের জন্য জয় করেছেন অসংখ্য শিরোপা। ২০২২ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য মারিয়া মান্দা।

সুরো কৃষ্ণ চাকমা, পেশাদার বক্সার

দেশের প্রথম পেশাদার বক্সার হিসেবে খ্যাত সুরো কৃষ্ণ চাকমা। রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা সুরো কৃষ্ণ ২০১৩ ও ২০১৪ সালের জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন। গত বছর দেশে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট- দ্য আলটিমেট গ্লোরি’ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় লাইটওয়েইট ক্যাটাগরিতে প্রথম হন।

রুপনা চাকমা, ফুটবলার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমা। রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূয়ো আদামে জন্মগ্রহণ করা রুপনা নারী ফুটবলের বয়সভিত্তিক সব পর্যায়ে খেলে জাতীয় দলে সুযোগ পান। ২০২২ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা